প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৩ ০০:০৫ এএম
আপডেট : ১০ জুন ২০২৩ ০০:২৭ এএম
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের আগে অনুশীলন বেশ জোরেশোরে শুরু করেছিল বাংলাদেশ। আনুষ্ঠানিক অনুশীলন এখন শুরু না হলেও চলছিল দলের ক্যাম্প। আগের দিনগুলোতে বেশ জোরেশোরে অনুশীলন করেছে বাংলাদেশ। ক্যাম্পের শেষ দিনে শুক্রবার বৃষ্টিতে পণ্ড হয়েছে দলের অনুশীলন।
আরও পড়ুন : দেশিরাই মুশফিকের অনুপ্রেরণা
শুক্রবার দুপুর আড়াইটায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল বাংলাদেশ দলের। সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশের কারণে মিরপুরে ক্রিকেটাররা অনুশীলন করতে পারবেন কি না তা নিয়ে ছিল সন্দেহ। কারণ, বারবারই হানা দিচ্ছিল বৃষ্টি। ফলে আর মাঠে নামা হয়নি ক্রিকেটারদের। অনুশীলন না করেই ফিরে গেছেন নিজ নিজ গন্তব্যে।
শনিবার বাংলাদেশ দলের কোনো অনুশীলন নেই। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে শনিবার হোটেলে উঠবে পুরো দল। রবিবার থেকে শুরু হবে টেস্টের আনুষ্ঠানিক অনুশীলন। আগামী ১৪ জুন শুরু হতে যাওয়া টেস্টের আগে তিন দিন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ। এর আগে ক্যাম্প চলাকালীন অবশ্য টেস্ট দলে থাকা ক্রিকেটাররা অনুশীলন সেরেছেন লাল বলে। ফলে বলাই যায়, পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
আফগানদের বিপক্ষে এই টেস্টে থাকছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। আঙুলের ইনজুরির কারণে তার খেলা হচ্ছে না। সহ-অধিনায়ক লিটন কুমার দাসের কাঁধে উঠেছে অধিনায়কত্বের দায়িত্বভার। অধিনায়কের দায়িত্ব পেয়ে লিটন অবশ্য স্বস্তিতে নেই। আফগানদের বিপক্ষে টেস্টের আগে জ্বরে ভুগছেন। অন্যদিকে ওপেনার তামিম ইকবাল ভুগছেন পিঠের চোটে। সেই চোট কাটিয়ে আফগানদের বিপক্ষে মাঠে নামতে পারবেন কি না সেটা এখনও নিশ্চিত নয়। এই টেস্ট ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা পেসার তাসকিন আহমেদের। ইনজুরি কাটিয়ে দলে ফেরা তাসকিন নিজেকে প্রস্তুত করছেন। আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দলে নেই আর কোনো ইনজুরি সমস্যা।