প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ জুন ২০২৩ ২০:৪৩ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৩ ২০:৪৩ পিএম
টেস্ট ক্রিকেটের ধরনে আমূল পরিবর্তন এনেছে ইংল্যান্ড। নতুন কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকসের অধীনে বদলে গেছে টেস্টে ইংল্যান্ডের ব্যাটিংয়ের ধরন যা বেশ মনে ধরেছিল অলরাউন্ডার মঈন আলির। সুযোগ পেলে ‘বাজবাল’ ক্রিকেটে ফেরার আগ্রহের কথা জানিয়েছিলেন আইপিএল চলাকালীন। কদিন যেতে না যেতেই এবার সেই সুযোগ পেয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজের আগে স্পিনার জ্যাক লিচ চোটে পড়ায় কপাল খুলেছে তার। অ্যাশেজ সিরিজ দিয়ে অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফিরছেন ৩৫ বছর বয়সি এই অলরাউন্ডার। বিষয়টি ক্রিকইনফোকে জানিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক রবি কি।
এখনও অ্যাশেজ সিরিজের দল ঘোষণা করেনি ইংল্যান্ড। তবে মঈন যে এই সিরিজে থাকছেন সেটা নিশ্চিত করে রব কি জানান, ‘টেস্টে ফেরার বিষয়ে এ সপ্তাহের শুরুতে আমরা মঈনের সঙ্গে যোগাযোগ করি। কিছুদিন এ নিয়ে ভাবার পর মঈন এখন দলে যোগ দিয়ে টেস্ট খেলতে উন্মুখ হয়ে আছে। তার বিশাল অভিজ্ঞতা ও অলরাউন্ডিং সামর্থ্য অ্যাশেজে আমাদের কাজে লাগবে।’
এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে টেস্টে ক্যারিয়ারের ইতি টানেন মঈন। সে বছরই সবশেষ টেস্ট খেলেন ভারতের বিপক্ষে। ২০১৪ সালে টেস্ট অভিষেকের পর ক্যারিয়ারে মোট ৬৪টি টেস্ট খেলেছেন মঈন; যেখানে তার রান ২৯১৪ ও উইকেটসংখ্যা ১৯৫। তবে ১৬ জুন শুরু হতে চলা অ্যাশেজ সিরিজে ফের নতুন করে টেস্ট সূচনা করতে যাচ্ছেন তিনি। মূলত বোলিং হিসেবে তাকে দলে নেওয়া হলেও ৮ নম্বর ব্যাটার হিসেবে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য আছে তার।