× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

কে এগিয়ে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জুন ২০২৩ ১২:১৪ পিএম

আপডেট : ০৭ জুন ২০২৩ ১২:২১ পিএম

কে এগিয়ে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথে

আজ থেকে শুরু হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রথমবারের মতো শিরোপা উঁচিয়ে ধরতে মুখিয়ে আছে দুদলই। ওভাল ফাইনালকে ঘিরে দর্শক আগ্রহের কমতি নেই। সাবেক ও বর্তমান ক্রিকেটাররাও ব্যস্ত দুই দলের শক্তিমত্তা ও দুর্বলতা নিয়ে কাটাছেঁড়া করতে। কেমন হতে পারে ওভাল ফাইনাল, ম্যাচে এগিয়েইবা থাকবে কোন দল।

আরও পড়ুন : টেস্টের রাজদণ্ড উঁচিয়ে ধরার লড়াই

সেটি নিয়েই ভবিষ্যদ্বাণী করেছেন পাঁচ দেশের পাঁচ কিংবদন্তি ক্রিকেটার। যাদের মধ্যে আছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, ভারতের রবি শাস্ত্রী, পাকিস্তানের ওয়াসিম আকরাম, ইংল্যান্ডের ইয়ান বেল ও নিউজিল্যান্ডের রস টেলর। এই পাঁচজনের তিনজনই আবার এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়াকে। 

রিকি পন্টিং : অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক পন্টিং মনে করেন ইংলিশ কন্ডিশনে ম্যাচটি হওয়ায় অস্ট্রেলিয়ার তুলনায় রোহিত শর্মার দল কিছুটা হলেও পিছিয়ে থাকবে। তার মতে, ‘অস্ট্রেলিয়াই ফাইনালে ফেভারিট। কেননা, ভারতীয় দলে বেশ কিছু অনিশ্চিত জায়গা রয়েছে। দল নির্বাচন এবং চোট নিয়েও কিছুটা উদ্বিগ্ন তারা। কেএস ভরত ও ঈশান কিষানকে নিয়ে দ্বিধায় আছে দলটি। অন্যদিকে আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়া দলটি অনেক বেশি স্থির। এ ছাড়া জুনের শুরুর এই কন্ডিশনের সঙ্গে সম্ভবত অস্ট্রেলিয়ার কন্ডিশনের বেশ মিল আছে, যা ভারতীয় কন্ডিশনের মতো নয়। তবে ইতঃপূর্বেও আমরা সবাই দেখেছি ভারত অস্ট্রেলিয়ায় গতবার কতটা ভালো খেলেছিল। তাই আমার মনে হয়, ম্যাচ জয়ের জন্য যা করার প্রয়োজন তারা তা করার চেষ্টা করবে। তবে আমি এগিয়ে রাখব অস্ট্রেলিয়াকেই।’

রবি শাস্ত্রী : শুরুতে যারা এগিয়ে যাবে

সাবেক ভারতীয় কিংবদন্তি খেলোয়াড় ও কোচ রবি শাস্ত্রীর মতে- শুরুতে যেই দল এগিয়ে যাবে সেই দলের হাতেই উঠবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি। তিনি বলেন, ‘খেলায় এটা বলা সহজ নয়। তবে আমরা যদি বর্তমান ফর্ম দেখি, তাহলে দেখব, দুদলই বেশ কিছু দিন ধরে দীর্ঘ সময়ের ক্রিকেট খেলেনি। সম্প্রতি ভারত প্রচুর টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছে, অন্যদিকে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশেন ছাড়া বাকিরা ঘরোয়া ক্রিকেট খেলেছে- দীর্ঘ সময়ের জন্য খেলেনি। তাই আমার কাছে মনে হয়, প্রথম দিনটি খুব গুরুত্বপূর্ণ হবে। বোলিংয়ে অস্ট্রেলিয়াকে পথ দেখাতে পারে প্যাট কামিন্স। অন্যদিকে ভারতের মূল ভূমিকায় থাকবে মোহাম্মদ শামি।’

ওয়াসিম আকরাম : অস্ট্রেলিয়া

কিংবদন্তি পাকিস্তানি বোলার ওয়াসিম আকরাম বিশ্বাস করেন জুনের কন্ডিশন অস্ট্রেলিয়াকে কিছুটা হলেও বাড়তি সুবিধা দেবে। তার মতে, ‘এই পিচ সাধারণত উপমহাদেশের দলগুলোর পক্ষে, কিন্তু যখনই আমরা এখানে সফর করেছি... আমরা আমাদের শেষ টেস্ট ম্যাচ খেলেছি আগস্টের শেষে বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। তবে ম্যাচটি জুনের প্রথম সপ্তাহে হচ্ছে, তাই বিষয়টি আলাদা এবং বলটি ডিউকস। সুতরাং আমি মনে করি এই টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া কিছুটা ফেভারিট, যদিও জশ হ্যাজেলউড চোটে বাদ পড়েছেন। তিনি থাকলে এই পিচে খুব সুবিধা পেতেন। যদিও গত কয়েক বছরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের দুর্দান্ত রেকর্ড রয়েছে। এ ছাড়া সবেমাত্র হোম সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে, তাই এটি একটি খুব উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে। আর এটাই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সৌন্দর্য। আমি তাই হতাশ, কেননা আমাদের সময়ে এমন কিছু ছিল না। আমার মতে, অস্ট্রেলিয়া ফেভারিট। আবহাওয়া, পিচ, ডিউকস বল- প্রতিটি সেশন গুরুত্বপূর্ণ; একটি সেশন হয়তো অস্ট্রেলিয়া জিতবে এবং পরেরটিতে ভারত কঠিনভাবে ফিরে আসবে, এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য।’

ইয়ান বেল : যে ভালো ব্যাট করবে

সাবেক ইংল্যান্ড কিংবদন্তি ব্যাটার ইয়ান বেল ২০১৩ সালে হোম অ্যাশেজ জয়ে সিরিজের সেরা খেলোয়াড় ছিলেন। তার মতে, রানের ওজনই এই খেলায় পার্থক্য তৈরি করবে। তিনি বলেন, ‘আবহাওয়ার পূর্বাভাস বেশ ভালো, সপ্তাহজুড়েই প্রচুর রোদ থাকবে; তাই আশা করা যায় ব্যাট করার জন্য খুব ভালো উইকেট হবে, তবে অবশ্যই এটা খেলার শুরুতে। পরে শেষদিকে হয়তো কিছুটা স্পিন ধরতে পারে। আমার মতে, এটি একটি আকর্ষণীয় প্রতিদ্বন্দ্বিতা হবে, তবে আমি সত্যিই একটি ভালো উইকেট এবং একটি আকর্ষণীয় পাঁচ দিনের জমজমাট ম্যাচ দেখার আশা করছি। উভয় দলই কেমন করে তা দেখতে মুখিয়ে আছি। আমরা জানি দুটি বিশ্বমানের বোলিং আক্রমণ একে অপরের বিরুদ্ধে লড়বে, কাজেই কত রান করতে পারবে এটাই চ্যালেঞ্জ। ইংল্যান্ডে এটাই মুখ্য- যদি আপনি আগে ব্যাট করেন তবে পরে ব্যাট করাদের ওপর অনেক চাপ দিতে হবে। কাজেই আমার মনে হয়, ব্যাটিং ইউনিটের ওপর নজর রাখতে হবে।’

রস টেলর : অস্ট্রেলিয়া

২০২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিউজিল্যান্ডের সাবেক কিংবদন্তি ব্যাটার রস টেলর মনে করেন, বিশ্বের শীর্ষ দুই দলের লড়াইয়ে অস্ট্রেলিয়া কিছুটা হলেও সুবিধা পাবে। তার মতে, ‘টসজয়ী দল উইকেটে কতটা ঘাসের সুবিধা নিতে পারে তা দেখা হবে আকর্ষণীয়। ভারত দুই স্পিনার খেলাতে পছন্দ করে। অন্যদিকে অস্ট্রেলিয়া এখানে অ্যাশেজ সিরিজে অনেক খেলেছে। তবে আমার কাছে মনে হয়, বুমরাহকে হারানো ভারতের জন্য একটি বিশাল ক্ষতি। সুতরাং আমি মনে করি টস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তবে প্রাথমিক ভবিষ্যদ্বাণীতে আমি অস্ট্রেলিয়ার পক্ষেই বাজি ধরব। আর এটি ভারতের ইনজুরি সমস্যা এবং অস্ট্রেলিয়ার এখানে খেলার অভিজ্ঞতার কারণেই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা