প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৩ ২২:৫০ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৩ ২২:৫৭ পিএম
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্মৃতি মোটেও সুখকর নয়। সাদা পোশাকে দুই দলের একমাত্র দেখায় জয়ের হাসি হেসেছিল আফগানরা। ওই হার থেকে শিক্ষা নিয়ে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টের দলে আছেন পাঁচ পেসার।
আরও পড়ুন : দিপুর চাওয়া মানসিকভাবে আরও বেশি শক্তিশালী হওয়া
অতিরিক্ত পেসার নেওয়ার কারণ হিসেবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ভিডিও বার্তায় বলেছিলেন, ‘অতিরিক্ত গরম’। গতকাল গণমাধ্যমকেও একই সুরে কথা বলেছেন তিনি।
সদ্য ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তাসকিন আহমেদ। দলে থাকলেও আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে তার থাকাটা এখনও অনিশ্চিত। আফগানদের বিপক্ষে টেস্টে তার মাঠে নামা নির্ভরশীল ফিজিও ও ট্রেনারদের সবুজসংকেতের ওপর। মিনহাজুল আবেদীন নান্নু বলেন, এটা তো পুরোপুরি নির্ভর করে ফিজিও ও ট্রেনারদের ওপর। তাসকিনের ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় অতিরিক্ত পেসার দলে অন্তর্ভুক্ত করেছেন নির্বাচকরা, ‘এ জন্য (তাসকিনের বিষয় মাথায় রেখে) আমরা পাঁচটা পেস বোলার দলে রেখেছি। ওর যদি ফিটনেস শতভাগ না থাকে, তাহলে কঠিন হবে। তারপরও আমরা আশাবাদী, যেহেতু একটা টেস্ট ম্যাচ, পুরোপুরি ফিট হয়ে খেলবে ইনশা আল্লাহ।’
আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টের দলে দুই নতুন মুখ শাহাদাত হোসেন দিপু ও মুশফিক হাসান। দুইজনের মধ্যে ভালো করার সামর্থ্য দেখেন নান্নু। সে কারণে ডাক পেয়েছেন, ‘শাহাদাত দিপু ও মুশফিক হাসান দুইজনই আমাদের এইচপি ইউনিটের কাজ করছে। ওরা এইচপির ক্রিকেটার। আশা করছি, দুইজনই সুযোগ পেলে নিজেদের মেলে ধরতে পারবে।’ দিপুকে নিয়ে আলাদাভাবে নান্নু বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে ওর ভালো করার যথেষ্ট সুযোগ আছে। টেকনিক্যাল দিক বিবেচনা করে নেওয়া হয়েছে।
আফগানদের বিপক্ষে নিয়মিত টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানকে পাবে না বাংলাদেশ। তার না থাকা নির্বাচকদের জন্য চিন্তার কারণ। তবে বাকিদের কল্যাণে সেই ক্ষত পুষিয়ে যাবে বলে মনে করেন নান্নু, ‘অধিনায়ক আমাদের দলে নেই। অবশ্যই আমাদের জন্য চিন্তার কারণ। বাকি যারা আছে, তারা তারা সেরা ক্রিকেট খেলার জন্য সামর্থ্যবান। তাদের দেশকে অনেক কিছু দেওয়ার আছে।’ দলের ক্রিকেটারদের ওপর ভরসা রাখলেও গরমের কারণে কন্ডিশন কঠিন, সেটা মনে করিয়ে দেন। গরমকে অভিযোগ হিসেবে দাঁড় না করিয়ে দল সেরা ক্রিকেট খেলবে এমনটাই আশা প্রধান নির্বাচকের, ‘অনেক চ্যালেঞ্জিং কন্ডিশন। এখন যথেষ্ট গরম। সবকিছু মিলিয়ে সম্ভাব্য সেরা দল আমরা দাঁড় করিয়েছি। আমরা আশা করছি, আফগানিস্তানের বিপক্ষে আমরা সেরা ক্রিকেটটাই খেলব।’
আফগানিস্তানের বিপক্ষে সাদা পোশাকে আগেরবার হারের স্বাদ পাওয়া বাংলাদেশ দল এবার ঘুরে দাঁড়াবে। এমন প্রত্যাশা সবার। সাধারণ ক্রিকেট সমর্থকদের মতোই ভাবছেন নান্নু। তিনি মনে করেন, দলের ক্রিকেটাররা এখন পরিপক্ব হওয়ায় সেরা ক্রিকেট খেলে সেরা ফল আনতে পারবে। এই নিয়ে নান্নুর ভাষ্য, ‘আমাদের ক্রিকেটাররা এখন যথেষ্ট অভিজ্ঞ। এই টেস্টে অবশ্যই নিজেদের সেরাটা দিতে পারলে, আমরা ভালো ফল পাব।’