প্রবা ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২২ ১৫:৩২ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২ ১৬:০১ পিএম
কিংবদন্তি টেনিস তারকা রজার ফেদেরারকে এভাবেই শূন্যে তুলে ধরেন সতীর্থরা।
দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াই করেই খেলে যাচ্ছিলেন কিংবদন্তি টেনিস তারকা রজার ফেদেরার। এরই মধ্যে গত ১৫ সেপ্টেম্বর অবসরের ঘোষণা দেন তিনি।
বিবিসি জানায়, লন্ডনের ওটু অ্যারেনায় শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে সেটাই আনুষ্ঠানিক রূপ পেল। লেভার কাপের দ্বৈতে টিম ইউরোপের হয়ে বন্ধু-প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালের সঙ্গে কোর্টে নামলেন শেষবারের মতো। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর ম্যাচটা ৪-৬, ৭-৬(৭-২), ১১-৯ গেমে জেতে টিম ওয়ার্ল্ডসের জুটি জ্যাক সক ও ফ্রান্সেস টিয়াফো জুটি।
ম্যাচ শেষ হতে হতেই শুরু হয় ফেদেরারের বিদায় নেওয়ার পালা।
দুই প্রতিপক্ষকে ভেজা চোখে হাসি মুখে অভিনন্দন জানালেন। নাদালকেও প্রথমে হাসিমুখে আলিঙ্গন করে কেঁদে ফেললেন। প্রিয় বন্ধুর বিদায়ে নাদালও পারলেন না নিজেকে ধরে রাখতে।
ফেদেরার বলেন, ‘যেকোনোভাবে সময়টা আমরা পার করে দেব। চমৎকার একটা দিন। সবাইকে বলছি, আমি খুশি, দুঃখিত নই। এখানে থাকতে পেরে দারুণ লাগছে। রাফার সঙ্গে খেলা এবং এখানে সব গ্রেট। সবাইকে ধন্যবাদ।’
এ সময় গ্যালারিতে ফেদেরারের পরিবারের প্রায় সবাই উপস্থিত ছিলেন। জীবনে সবসময় পাশে থাকার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান স্ত্রী মিরকা ফেদেরারকে। ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান বাবা-মাকে।
তিনি বলেন, ‘সবাই এখানে আছে, আমার ছেলে-মেয়েরা আছে। আমার স্ত্রী খুব সহযোগী। সে আমাকে অনেক, অনেক আগেই থামাতে পারত; কিন্তু সে তা করেনি। সে আমাকে খেলা চালিয়ে যেতে উৎসাহ দিয়েছে, খেলতে দিয়েছে। ধন্যবাদ তোমাকে। আমার বাবা-মাকে ধন্যবাদ। সবসময় তারা পাশে থেকেছেন। সবাইকে ধন্যবাদ, অনেক মানুষকে ধন্যবাদ দিতে হবে। অবিশ্বাস্য একটা যাত্রা ছিল।’
মাত্র ১৬ বছর বয়সে ১৯৯৮ সালে পেশাদার টেনিসে পা রাখা ফেদেরার সময়ের পরিক্রমায় নিজেকে নিয়ে গেছেন গ্রেটদের কাতারে। জিতেছেন বহু শিরোপা।
উইম্বলডনে রেকর্ড আট, ইউএস ওপেনে টানা পাঁচ, অস্ট্রেলিয়ান ওপেনে ছয় ও ফরাসি ওপেনে এক- মোট ২০টি গ্র্যান্ড স্ল্যাম ঝুলিতে নিয়ে ৪১ বছর বয়সে ইতি টানলেন বর্ণাঢ্য ক্যারিয়ারের। এক হাজার ৫২৭টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে।
প্রবা/জিজি/ এসআর