× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হেড কোচের অধীনে শুরু প্রস্তুতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুন ২০২৩ ১০:০৫ এএম

আপডেট : ০৫ জুন ২০২৩ ১০:০৯ এএম

হেড কোচের অধীনে শুরু প্রস্তুতি

কোচ চন্ডিকা হাথুরুসিংহে ছুটি কাটিয়ে শনিবার ঢাকায় ফিরেছেন। ঢাকায় ফিরে দেরি করেননি। গতকাল দুপুরেই ছুটে এসেছেন হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ইংল্যান্ডে আয়ারল্যান্ড-বধের পর গতকাল প্রথমবার পুরো দলকে নিয়ে মাঠে নামেন হাথুরুসিংহে।

আরও পড়ুন : ‘সুযোগ পেলে সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে’

এর আগে অবশ্য নিক পোথাসের অধীনে অনুশীলন ক্যাম্প শুরু করেছিল। ক্যাম্পের আগের দিনগুলোর মতো গতকালও লাল ও সাদা বলের দল অনুশীলন করেছে একই সঙ্গে। আজ থেকে মিরপুরে অবশ্য লাল বলের দল আলাদা অনুশীলন করবে।

মিরপুরে টাইগারদের অনুশীলনে কোচিং প্যানেলের সবাই ছিলেন। বাড়তি হিসেবে ‘এ’ দলের কোচ জেমি সিডন্স ও বোলিং কোচ চম্পকা রামানায়েকে। দুজনই ক্রিকেটারদের মাঝেমধ্যেই দিয়েছেন টোটকা। গতকাল দুপুর ২টায় শুরু হওয়া অনুশীলনে সর্বপ্রথম নেটে ব্যাটিং শানিয়ে নেন টেস্ট দলের সম্ভাব্য সদস্যরা। সীমিত ওভারের সিরিজের সম্ভাব্য ক্রিকেটাররা নিজেদের অনুশীলন শুরু করেছিলেন ফিটনেস টেস্ট দিয়ে।

অনুশীলনে সবার নজর কেড়েছে সেন্টার উইকেটে পেসারদের বোলিং। ইনজুরি থেকে ফেরা তাসকিন আহমেদ এইদিন পূর্ণ গতিতে বল করেছেন। এ ছাড়া রেজাউর রহমান রাজা, ইবাদত হোসেন, খালেদ আহমেদকে বোলিং করতে দেখা যায়নি। সেন্টার উইকেটে বোলিং করেননি কোনো স্পিনার।

সেন্টার উইকেটে প্রথমে ব্যাটিং করেন তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা। একই সময়ে জেমি সিডন্সের সঙ্গে একাডেমি মাঠে নিজের ব্যাটিং শান দেন নাজমুল হোসেন শান্ত। তবে স্বাভাবিক সাইজের ব্যাট নয়, তিনি কিছুটা ছোট সাইজের ব্যাট দিয়ে ব্যাটিং করেন।

ব্যাটাররা যখন ব্যাটিংয়ে মনোযোগী ছিলেন তখন লিটন দাস উইকেটকিপিং অনুশীলনে ব্যস্ত ছিলেন। ফিল্ডিং কোচ শন ম্যাকডরমটের অধীনে কিপিংয়ের অনুশীলন করেন। সবার ব্যাটিং অনুশীলন শেষে লিটন একা একা ব্যাট হাতে শ্যাডো করে নেন।

গতকালের অনুশীলনে সবচেয়ে অবাক করেছে ড্রেসিংরুম পরিবর্তনের ঘটনা। মিরপুর স্টেডিয়ামের শহীদ জুয়েল স্ট্যান্ডের পাশের ড্রেসিংরুমটি সাধারণত স্বাগতিকদের জন্য বরাদ্দ। সব সময় ওই ড্রেসিংরুমই ব্যবহার করে বাংলাদেশ দল।

তবে গতকাল লিটন-তামিমরা ব্যবহার করেছেন সফরকারী দলের ড্রেসিংরুম। এমনকি ওই ড্রেসিংরুমের সামনেই ছোট ছোট ড্রিল করতে দেখা যায় ক্রিকেটারদের।

গতকাল অনুশীলনের আগে মাইন্ড ট্রেনিংয়ের প্রথম সেশন করেছে বাংলাদেশ। হাথুরুসিংহের সঙ্গে ঢাকায় আসা অ্যালান ব্রাউনি ক্রিকেটারদের মাইন্ড ট্রেনিং করান। মাঠের অনুশীলন শুরুর আগে ঘণ্টাখানেক মাইন্ড ট্রেনিং করেন ক্রিকেটাররা। গতকাল দুপুর ২টায় অনুশীলন শুরু হলেও আজ সকাল ৯টায় মাঠে ক্যাম্প শুরু করবেন ক্রিকেটাররা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা