খেলাধুলা ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২২ ১৩:১৯ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২ ১৩:৫৯ পিএম
ঘানাকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। ছবি সংগৃহীত
বিশ্বকাপের আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ঘানাকে ৩-০ গোলে হারিয়ে দাপুটে জয় পেয়েছে ব্রাজিল। জোড়া গোল করেছেন রিচার্লিসন। মার্কুইনোসের পা থেকে আসে অন্য গোলটি।
গোল না পেলেও দুটি গোলে অবদান রেখেছেন নেইমার জুনিয়র। সবগুলো গোলই আসে প্রথমার্ধে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে খেলাটি অনুষ্ঠিত হয়।
প্রথমার্ধে একের পর এক আক্রমণে ঘানার রক্ষণভাগ কাঁপিয়ে দেয় ব্রাজিল। শুরু থেকেই চাপে রাখে ঘানাকে। তাতে ম্যাচের ৯ মিনিটেই আসে সাফল্য। সেলেসাওদের এগিয়ে নেন পিএসজি ডিফেন্ডার মার্কুইনোস। বার্সেলোনা তারকা রাফিনিয়ার কর্নারে বেশ খানিকটা লাফিয়ে উঠে হেডে লক্ষ্যভেদ করেন মার্কুইনোস।
এর আগে অবশ্য গোলের সুযোগ মিস করে ব্রাজিল। পঞ্চম মিনিটে রিচার্লিসন ও পরের মিনিটে বল জালে জড়াতে ব্যর্থ হন পাকেতা।
১-০ গোলে এগিয়ে যাওয়ার পর আক্রমণ আরও ধারালো হয় ব্রাজিলের। ম্যাচের ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রিচার্লিসন। টটেনহ্যাম হটস্পার ফরোয়ার্ড ডি-বক্সে বল পান নেইমারের পাস থেকে। নেইমারের ক্রসে ডান পায়ের শটে বল জালে জড়ান রিচার্লিসন।
এই নেইমার-রিচার্লিসন জুটিতেই ৪০তম মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। বাঁ পাশ থেকে নেইমারের ফ্রি-কিকে মাথা বাড়ান ২৫ বছর বয়সী রিচার্লিসন। বাড়ে জয়ের ব্যবধানও।
দ্বিতীয়ার্ধে নেমে অবশ্য কিছুটা ঝিমিয়ে পড়ে ব্রাজিল। উল্টো ঘানা কয়েকবার হানা দেয় সেলেসাওদের রক্ষণভাগে। কিন্তু তাতে গোলের দেখা পায়নি দলটি। শেষ পর্যন্ত ৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তিতের শিষ্যরা।
প্রবা/আরএম// এসআর