প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ মে ২০২৩ ১৪:১৩ পিএম
জুভেন্টাসের দুঃসময় যেন থামছে না। ফুটবলারদের ট্রান্সফার সংক্রান্ত লেনদেনে অনিয়মের দায়ে সিরি’এ ১০ পয়েন্ট কাটা যাওয়ার পর এবার গুনতে হবে বিশাল অঙ্কের জরিমানা। চ্যাম্পিয়ন্স লিগে খেলায় ব্রাত্য হয়ে পড়া দলটির ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়ার যখন শঙ্কা তখন আসছে এমন খবর। ইতালিয়ান জায়ান্টদের জরিমানা দিতে হবে ৭ লাখ ১৮ হাজার ইউরো।
মঙ্গলবার ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সঙ্গে খেলোয়াড়দের বেতন সংক্রান্ত মামলা নিয়ে চুক্তিতে পৌঁছেছে জুভেন্টাস। পাশাপাশি ক্লাবটির সাবেক ও বর্তমান সাত কর্মকর্তাকেও জরিমানা করা হয়েছে। তুরিনের বুড়িদের সাবেক সভাপতি আন্দ্রেয়া আগনেল্লির বিষয়টি ১৫ জুনের শুনানির পর রায় দেয়া হবে।
আরও পড়ুন: ‘কসোভো সার্বিয়ার হৃদয়’ লিখে বিতর্কে জোকোভিচ
বিবৃতিতে জুভেন্টাস বলেছে, চুক্তিটি ক্লাবকে একটি সুনির্দিষ্ট ফলাফল অর্জন করাসহ চিন্তামুক্ত হওয়া ও অস্থিতিশীলতার অবস্থা কাটিয়ে তুলতে সহায়তা করবে। এছাড়া চুক্তিটি পরবর্তী মৌসুমের জন্য কোচ ম্যাস্সিমিলিয়ানো অ্যাল্লেগ্রি এবং খেলোয়াড়দের পরিকল্পনার দিকে মনোনিবেশ করতে সাহায্য করবে।
গতসপ্তাহে এক মামলায় জুভেন্টাসের ১০ পয়েন্ট কেটে নেয়া হয়। ক্লাবটি পয়েন্ট টেবিলের দুই নম্বর থেকে সাতে নেমে যায়। জুভরা তখন ৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ছিল। ১০ পয়েন্ট কাটায় ৫৯ পয়েন্ট নিয়ে নেমে যায় সাতে। পরে লিগে টানা দুই হারে তুরিনের বুড়িদের পয়েন্ট এখন ৩৭ ম্যাচে ৫৯। আগামী ৫ জুন লিগে নিজেদের শেষ ম্যাচে উদিনেসের মুখোমুখি হবে জুভেন্টাস।