প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৩ ১৮:১৮ পিএম
আপডেট : ৩০ মে ২০২৩ ১৮:২৮ পিএম
১৪ বছর পর ফেডারেশন কাপের ফাইনালের মঞ্চে আবাহনী-মোহামেডান লড়াই। প্রতি মুহূর্তে উত্তাপ ছড়িয়েছে ম্যাচটি। দুই গোলে এগিয়ে থাকা আবাহনীর জয়টা সময়ের অপেক্ষাই ধরে নেওয়া হয়েছিল। মোহামেডান যেভাবে ফিরে এলো তাতে খেলা গড়াল অতিরিক্ত সময়ে। সেখানেও আসেনি ফল। টাইব্রেকারে নিষ্পত্তি হয়েছে ম্যাচটি। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা ঘরে তুলেছে মোহামেডান।
কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে দুই দলের ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে মুখোমুখিই হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। নির্ধারিত সময়ে খেলা শেষ হয় ৩-৩ সমতায়। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে দুই দলই করে একটি করে গোল। ফলে ৪-৪ সমতায় শেষ হয় আবাহনী-মোহামেডান ফাইনালের অতিরিক্ত সময়।
এর আগে ম্যাচের ১৬ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিম ও ৪৪ মিনিটে কলিন্দ্রেসের গোলে এগিয়ে বিরতিতে গিয়েছিল আবাহনী। দ্বিতীয়ার্ধের ১১ মিনিটে মোহামেডানের হয়ে স্কোরশিটে নাম তোলেন সোলেমান দিয়াবাতে। ম্যাচের ৬০ মিনিটে তার গোলেই সমতায় ফেরে দলটি। ৬৬ মিনিটে এমেকা গোল করলে ম্যাচ ঝুঁকে পড়ে আবাহনীর দিকে। ম্যাচের ৮৩ মিনিটে আবারও গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে দিয়াবাতে ম্যাচ নিয়ে যান অতিরিক্ত সময়ে।
ম্যাচের অতিরিক্ত সময়ে দিয়াবাতের চতুর্থ গোলে ম্যাচে এগিয়ে যায় মোহামেডান। ওই লিড অবশ্য ধরে রাখতে পারেনি সাদা কালো জার্সিধারীরা। রহমতের গোলে শেষবারের মতো সমতায় ফেরায় আবাহনী। দুই দল একটি করে গোল করে আরও মরিয়া হয়ে ওঠে গোলের জন্য। শেষ পর্যন্ত তা আর পারেনি দুই দলের কেউই। তাই খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে পারেনি আবাহনী। ৪-২ ব্যবধানে হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানেরে কাছে।
এর আগে ২০১৫ সালে সর্বশেষ অতিরিক্ত সময়ে গড়িয়েছিল ফেডারেশন কাপের ফাইনাল। সেবার শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেলের ম্যাচ গড়িয়েছিল টাইব্রেকারে। এর আগে ফেডারেশন কাপের লড়াই টাইব্রেকারে নিয়েছিল আবাহনী ও মোহামেডান। ২০০৯ সালে টাইব্রেকারে আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা জিতেছিল মোহামেডান। সাদা কালো জার্সিধারীরা সর্বশেষ শিরোপা জিতেছিল ২০১১ সালে। সুপার কাপের ফাইনালে আবাহনীকে হারিয়ে শিরোপা জেতে তারা।