প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ মে ২০২৩ ১১:০৯ এএম
আপডেট : ২৯ মে ২০২৩ ১২:৪১ পিএম
টেবিলের ৩-এ থেকেই ম্যাচে নেমেছিল ইন্টার মিলান। ৫-এ ছিল আটলান্টা। চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে আটলান্টার জিততে হতো। কিন্তু তারা পারেনি। আজ্জুরিদের বিপক্ষে লড়াই চালিয়েও শেষ পর্যন্ত হেরে গেছে ৩-২ ব্যবধানে। তাতে শাপেবর হয়ে দাঁড়িয়েছে আরেক মিলানের। এসি মিলান উঠে এসেছে টেবিলের ৪-এ। ৫-এ নেমে গেছে আটলান্টা। অন্যদিকে আটলান্টাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের জায়গাও পাকা করে ফেলেছে ইন্টার।
গত বুধবার ইতালিয়ান কাপ নিশ্চিতের পর সিমোনে ইনজাগির শিষ্যরা সিরি এতেও দুর্দান্ত শুরু করেছিল। ম্যাচের শুরুতে রোমেলু লুকাকু ও নিকোলো বারেলার গোলের পাশাপাশি দ্বিতীয়ার্ধের ৭৭তম মিনিটে ইন্টারের হয়ে গোল করেন লৌতারো মার্টিনেজ।
আরও পড়ুন : এবার আন্তর্জাতিক সাফল্যের খোঁজে বসুন্ধরা কিংস
এ জয়ে পঞ্চম স্থানে পড়ে থাকা আটলান্টার চেয়ে ৮ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছে ইন্টার। চলতি মৌসুমে শীর্ষ ৪-এ থাকার স্বপ্ন ভেস্তে গেল আটলান্টার। ১০ জুন ইস্তাম্বুলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার অপেক্ষায় রয়েছে ইন্টার। যেখানে তারা মোকাবিলার করবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির।
ইন্টার মিলানের গতকালের জয়ে কপাল খুলে গেছে তাদের নগর প্রতিপক্ষ এসি মিলানের। এখন চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাবর্তনের জন্য ক্লাবটির দরকার জুভেন্টাসের বিপক্ষে শেষ ম্যাচে পরাজয় এড়ানো। সেটি করেও ফেলেছে এসি মিলান। জুভেন্টাসের মাঠে তারা পেয়েছে ১-০ গোলের জয়, অলিভিয়ের জিরুদের ৪০ মিনিটের গোলে বেঁচে আছে তাদের চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা।
বর্তমানে লিগ টেবিলে ৭১ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে লাজিও। ৩-এ ৬৯ পয়েন্ট নিয়ে ইন্টার। ৪-এ ৬৭ পয়েন্ট তোলা মিলান। তাদের চেয়ে ৬ পয়েন্ট পেছনে থেকে ৫-এ আছে আটলান্টা।