প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ মে ২০২৩ ২৩:৩০ পিএম
আপডেট : ২৮ মে ২০২৩ ২৩:৩১ পিএম
পিএসজির কোচের চাকরি হারিয়ে বেকার ছিলেন মরিসিও পচেত্তিনো। গত মৌসুমে কোনো দলের সঙ্গেই কাজ করেননি এই আর্জেন্টাইন। ইংলিশ ক্লাব চেলসি বেকার থাকা পচেত্তিনোর কাঁধে দলের দায়িত্ব তুলে দিচ্ছে। আগামী ২০২৬ সালের জুন পর্যন্ত স্ট্যামফোর্ড ব্রিজে ব্লুজদের দায়িত্বে থাকার কথা রয়েছে। আজ এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে দলটি।
মৌসুমের মাঝপথে গ্রাহাম পটারকে সরিয়ে দেয় চেলসি। তখন থেকেই দলটি নতুন কোচের খোঁজে ছিল। পটারের বিদায়ের পর সাবেক কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে অন্তর্বর্তীকালীন দায়িত্বে ফিরিয়ে আনে।
দ্বিতীয়বারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ক্লাবের দায়িত্ব নেবেন পচেত্তিনো। এর আগে লন্ডনের আরেক ক্লাব টটেনহ্যাম হটস্পারের দায়িত্ব সামলেছিলেন। গত বছরের সেপ্টেম্বরে চেলসির দায়িত্ব নেওয়ার প্রস্তাব পান পচেত্তিনো। দীর্ঘ আলাপ আলোচনার পর অবশেষে দায়িত্ব বুঝে নিয়েছেন। বার্ষিক কী পরিমাণ অর্থের বিনিময়ে যোগ দিয়েছেন সেটা খোলসা করেনি চেলসি।