প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ মে ২০২৩ ১৯:৫০ পিএম
আপডেট : ২৮ মে ২০২৩ ২১:১০ পিএম
সমাপনী অনুষ্ঠান শেষ করে সবাই বসে আছে আশায়- আইপিএলের ফাইনাল ম্যাচ উপভোগ করবেন বলে। কিন্তু ক্রিকেট অনুরাগীদের অপেক্ষাটা আরও বাড়িয়ে দিল বৃষ্টি। প্রকৃতির বাধায় মাঠের লড়াই তো শুরুই হয়নি। চেন্নাই সুপার কিংস-গুজরাট টাইটানসের মধ্যকার ফাইনালে এখনো পর্যন্ত টসই করা যায়নি। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের উইকেট এখনো ঢাকা আছে কাভারে। বৃষ্টি থামার কোনো নাম-গন্ধ নেই।
আরও পড়ুন - জর্জিনায় প্রায়োরিটি রোনালদোর
আইপিএলের ইতিহাসে চেন্নাই অন্যতম সফল দল। চারবারের চ্যাম্পিয়ন ধোনিরা ফাইনাল খেলবেন দশমবার। ফাইনালে ধোনির অভিজ্ঞতা আরেকটু বেশি, ১১ বার। চারবার শিরোপা জেতার বিপরীতে শিরোপা হাতছাড়া করেছেন ছয়বার। পাঁচবার চেন্নাইয়ের ও একবার পুনের হয়ে। তাই ফাইনাল ম্যাচের ফাঁকফোকর ভালোই জানেন ক্যাপ্টেনকুল।
আর গুজরাট টাইটানস ফাইনাল খেলছে টানা দ্বিতীয়বার। প্রথমবার ফাইনালে খেলেই ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার দল পেয়েছে শিরোপার দেখা। প্রথমবার টুর্নামেন্টে বাজিমাত করা দলটি এবার স্বপ্ন দেখছে টানা দ্বিতীয় শিরোপা জেতার।
এখনো পর্যন্ত পুরো ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। রাত ১০টা ৫ মিনিটের মধ্যে খেলা শুরু হলে কোনো ওভারই কাটা হবে না। আর তা না হলে সেটা ভিন্ন কথা। সেক্ষেত্রে ম্যাচ হবে ওভার কমিয়ে। কোনো উপায় না থাকলে হতে পারে সুপার ওভার। আর কোনো ভাবেই ম্যাচ না হলে শিরোপা জিতে নিবে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা গুজরাট টাইটানস।