প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ মে ২০২৩ ১৪:০৪ পিএম
আপডেট : ২৩ মে ২০২৩ ১৪:০৪ পিএম
শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএলে) চতুর্থ আসরে নিলামের আগেই দল পেয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। সরাসরি চুক্তিতে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে গল গ্ল্যাডিয়েটর্স। আগামী ৩১ জুলাই শুরু হতে যাওয়া আসরের নিলাম অনুষ্ঠিত হবে আগামী মাসের ১১ তারিখ।
নিলামের আগেই টুর্নামেন্টে অংশ নেওয়া পাঁচটি দল ক্রিকেটারদের পেতে লড়াইয়ে নেমেছেন। যার ধারাবাহিকতায় সাকিবকে দলে ভিড়িয়েছে গল। লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা খেলবেন ক্যান্ডি ফেলকন্সের হয়ে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকান ব্যাটার ডেভিড মিলার খেলবেন ঝাফনা কিংসের হয়ে। পাকিস্তানি অধিনায়ক বাবর আজম খেলবেন কলম্বো স্ট্রাইকর্সের হয়ে। এছাড়াও তারকা কুশল মেন্ডিস খেলবেন ডাম্বুলা আরোরার হয়ে।
উল্লেখ্য, লঙ্কান প্রিমিয়ার লিগে এর আগেও বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের খেলার অভিজ্ঞতা রয়েছে। চলতি আইপিএলের ড্রাফটে আছেন বাংলাদেশের আরও দুই তারকা ক্রিকেটার লিটন দাস ও আফিফ হোসেন ধ্রুব। তবে এলপিএলের গত আসরে অবশ্য জায়গা হয়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারের।