প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৩ ০৭:৪৯ এএম
সিলেটে তিন ম্যাচের আনঅফিসিয়াল টেস্ট সিরিজে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলকে আতিথ্য দিচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। বৃষ্টির কল্যাণে প্রথম ম্যাচ বাঁচায় বাংলাদেশ। ড্র হয় ম্যাচটি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার স্টেডিয়ামে আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
আরও পড়ুন : জলপাই গাছ-কুকুরই প্রেরণা
ম্যাচের আগে গতকাল কোচ জেমি সিডন্সের আশা আগের ভুল কাটিয়ে মাঠে নামবে বাংলাদেশ। প্রিমিয়ার লিগ খেলে সরাসরি চার দিনের ম্যাচ খেলতে নামায় প্রস্তুতি ঘাটতির বিষয়টি স্বীকার করে নিয়েছেন।
দ্বিতীয় ম্যাচে ওই সমস্যা শুধরে মাঠে নামার বিষয়ে আশাবাদী সিডন্স। এই নিয়ে তার ভাষ্য, ‘সাদা বলের খেলা (ঢাকা প্রিমিয়ার লিগ) শেষ করে এসেছে ছেলেরা। ব্যাটারদের মধ্যে অনেক বেশি শট খেলার প্রবণতা দেখা গেছে। সাদা বলের ক্রিকেট থেকে এসে দুই দিনের প্রস্তুতিতে খেলতে নামা কঠিন।’
এই ম্যাচের আগে বাংলাদেশ দলে এসেছে এক পরিবর্তন। প্রথম ম্যাচে ব্যাটিং করার সময় মাথায় আঘাত পান পেসার রেজাউর রহমান রাজা। তার বদলি হিসেবে খালেদ আহমেদ সিলেটে ‘এ’ দলে যোগ দিয়েছেন।
দলে একটি পরিবর্তন নিশ্চিত। সিডন্স অবশ্য আরও বেশি পরিবর্তনের আভাস দিয়ে রেখেছেন, ‘আমাদের ১৫ জন ক্রিকেটার আছে। সবাইকে দেখতে চাই। অনেকগুলো পরিবর্তন আসতে পারে।’