প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৩ ২১:৪৩ পিএম
আগামী ২৫ মে থেকে ঢাকার তিন মাঠে শুরু হবে নারীদের ডিপিএল। বিকেএসপি ১ ও ৩ এবং ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে গড়াবে এবারে আসর। নারীদের ডিপিএলে এবার অংশ নিচ্ছে ৯ দল।
নারীদের ডিপিএলে ১১ দলের অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নেয় অ্যাজাক্স ও শেখ রাসেল। ফলে ৯ দল নিয়েই গড়াচ্ছে এবারের নারীদের ডিপিএল।
নাম প্রত্যাহার করে নেওয়া দুই দলকে বড় কোনো শাস্তির মুখোমুখি হতে হচ্ছে না। তারা অবনমিত হয়ে প্রথম বিভাগে নেমে যাবে। এই দুই দল ছাড়াও লিগের শেষ স্থানে থাকা দলটিও অবনমিত হয়ে প্রথম বিভাগে নেমে যাবে।
বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও কলাবাগানের ম্যাচ দিয়ে শুরু হবে ডিপিএল। উদ্বোধনী দিনে আরও মুখোমুখি হবে রুপালী ব্যাংক ক্রীড়া পরিষদ ও গুলশান ইয়ুথ ক্লাব এবং বিকেএসপি ও সিটি ক্লাব।
এখন পর্যন্ত ৩১ মে পর্যন্ত ডিপিএলের ফিকশ্চার প্রকাশ করেছে বিসিবি। আগামী ২৫ মে থেকে শুরু হওয়া লিগে ২৯ মে কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না। লিগের প্রথম পর্বে ওইদিন বিরতি রাখা হয়েছে।