প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ মে ২০২৩ ১১:২৫ এএম
আপডেট : ২০ মে ২০২৩ ১১:৪২ এএম
ইংল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেট কাউন্টি চ্যাম্পিয়নশিপে স্বপ্নের মতো এক অভিষেক হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত পেসার আরাফাত ভূঁইয়ার। কেন্টের হয়ে সারের বিপক্ষে প্রথম ইনিংসে ৬৫ রানে ৪ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই পেসার। ম্যাচে কেন্টের হয়ে সেরা বোলিং এটিই।
অভিষেক ম্যাচে তার প্রথম শিকার ইংল্যান্ডের সহ অধিনায়ক অলি পোপ। ব্যক্তিগত ৩৪ রানে তাকে সাজঘরের পথ দেখান ২৬ বছর বয়সী এই পেসার। এরপর উইকেটে আসা জেমি স্মিথকেও বেশিক্ষণ টিকতে দেননি তিনি। আগ্রাসী বোলিংয়ে মাত্র ৮ রানেই ফেরান তাকে। কেন্টের হয়ে সারের পরের দুটি উইকেটও তুলেনেন ঢাকার ছেলে আরাফাত। ফেরান বেন ফোকস ও উইল জ্যাকসকে। এদিন তার আগ্রাসী বোলিংয়েই সারের ইনিংস থামে ৩৬২ রানে।
পরে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৮০ রানে ৪ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে কেন্ট। তবে এদিন বোল হাতে একাই চার উইকেট শিকার করে অভিষেক রাঙিয়ে রেখেছেন আরাফাত। দিন শেষে জানান, ‘অভিষেক ইনিংসে চার উইকেট পেয়ে আমি দারুণ খুশি। সব সময় এটা আমার মাথায় থাকে যে এখানে আমি ভালো করতে এসেছি। আমি আজকের চেয়ে গতকাল বেশি নার্ভাস ছিলাম। আজ নেটে আমার কিছু ওভার বল করতে হয়েছিল। গতকাল ব্যাটিংয়ের চেয়ে বোলিংয়ে আমি বেশি নার্ভাস ছিলাম। কিন্তু আজ বেশ সুন্দরভাবে বেরিয়ে এসেছি।’
আরাফাতের জন্ম কুমিল্লায় হলেও তার বেড়ে ওঠা ঢাকায়। পরবর্তীতে ১৪ বছর বয়সে যুক্তরাজ্যে পাড়ি দেন। বর্তমানে পূর্ব লন্ডনে বসবাস করা এই পেসারের যুক্তরাজ্যের নাগরিকত্ব আছে। কেন্টের হয়ে পেশাদার চুক্তি করার আগে দীর্ঘদিন দলটির দ্বিতীয় একাদশে খেলেছেন। এক সপ্তাহ আগেও কেন্টের দ্বিতীয় একাদশের চ্যাম্পিয়নশিপ ম্যাচে ৮১ রানে ৪ উইকেট নেন। এর পাশাপাশি কেন্ট প্রিমিয়ার লিগে ব্ল্যাকহিথের হয়েও খেলছেন।
কেন্টের আগে গত ছয় বছরে সারে, এসেক্স ও ডার্বিশায়ারের দ্বিতীয় একাদশের হয়ে খেলেছেন আরাফাত। ২০১৯ সালে এমসিসিরি ইয়াং ক্রিকেটার্স দলেও খেলেছিলেন। গত বছর সাউথ এশিয়ান ক্রিকেট একাডেমিতে (সাকা) অংশগ্রহণ তাঁকে অনেকখানি এগিয়ে দেয়। তবে দীর্ঘ এই পথটুকু অতিক্রম করা যে মোটেও সহজ ছিল না তার জন্য সেটিও জানিয়েছেন আরাফাত, ‘আমি এর জন্য কঠোর পরিশ্রম করেছি। একজন পেশাদার ক্রিকেটার হওয়ার জন্য সাত বছর একটি দীর্ঘ সময়। বিভিন্ন কাউন্টির হয়ে খেলা, চারপাশে ট্রায়াল করা। সেখানে আরও অনেকেই ট্রায়াল দিচ্ছে শুধু আমিই নই। এখনও চেষ্টা করছে অনেকেই। কিন্তু আমি পেরেছি। প্রাক-মৌসুমে কেন্টে থাকা, এবং স্পষ্টতই সাকা-তে থাকা আমাকে সাহায্য করেছে। আমি ডঃ টম ব্রাউনকে ক্রেডিট দিতে চায় যিনি আমাকে শীতকালে সাহায্য করেছেন।’