প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ মে ২০২৩ ২২:১৬ পিএম
আপডেট : ১৮ মে ২০২৩ ২২:২১ পিএম
সদ্যই শেষ হয়েছে কাতার বিশ্বকাপ। শুরুতে বিতর্ক থাকলেও আয়োজনে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্য, যা ছাড়িয়ে গেছে পূর্বের আসরগুলোকেও। তবে আসছে ২০২৬ বিশ্বকাপে আরও বড় চমক দিতে চায় ফিফা। তিন দেশের (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা) যৌথ এই আসরকে সর্বকালের সর্ববৃহৎ ও সর্বাধিক অন্তর্ভুক্তিমূলক করতে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছে ফিফা- যার প্রথম ধাপ হিসেবে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের গ্রিফিথ অবজারভেটরিতে ২০২৬ বিশ্বকাপের লোগো উন্মোচন ও স্লোগান ঘোষণা করেছে ফিফা।
আরও পড়ুন - আসছে বছরই টেনিস ছাড়ছেন নাদাল
লোগোটিতে দেখা যায়, সাদা রঙে ২৬ লেখার ওপর ঝলঝল করছে সোনালি রঙের বিশ্বকাপ ট্রফি। এ ছাড়া লোগোর ২৬ লেখাটি একই সঙ্গে ১৬টি পৃথক শহরকে যুক্ত করেছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রের ১১টি, মেক্সিকোর তিনটি ও কানাডার দুটি। এ ছাড়া বিশ্বকাপের স্লোগান হিসেবে ‘আমরা ২৬’ ঘোষণা করা হয়েছে, যেখানে অংশ নেবে মোট ৪৮টি দল।
লোগো উন্মোচন অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘এটি এমন একটি মুহূর্ত, যেখানে তিন দেশ এবং একটি পুরো মহাদেশ সম্মিলিতভাবে বলে যে, আমরা বিশ্বকে স্বাগত জানাতে এবং সর্বকালের সর্ববৃহৎ ও সবচেয়ে বেশি দল নিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ উপহার দিতে চলেছি। এই টুর্নামেন্টের আয়োজক দেশ এবং অংশগ্রহণকারীদের ইতিহাসের পাতায় নাম লেখানোর সুযোগ করে দিচ্ছে।’