প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ মে ২০২৩ ২১:২৮ পিএম
আপডেট : ১৮ মে ২০২৩ ২১:৫০ পিএম
২২টি গ্র্যান্ড স্লাম তার নামের পাশে। যার মধ্যে ১৪টিই আবার এসেছে ফ্রেঞ্চ ওপেন থেকে। রোলাঁ গারোর রাজা বলা হয় তাকে। আর সেই রাফায়েল নাদালই কিনা থাকছেন না আসন্ন ফ্রেঞ্চ ওপেনে। আসরে অংশগ্রহণ না করার বিষয়টি নিজেই জানিয়েছেন স্প্যানিশ কিংবদন্তি।
মায়োর্কাতে আজ নিজের রাফায়েল নাদাল টেনিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে ফ্রেঞ্চ ওপেন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
এর আগে গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে চোটে পড়েছিলেন নাদাল। তবে এরপর ফিরে আসার কথা থাকলেও ফিরতে পারেননি তিনি। তবে আশা করা হচ্ছিল ফ্রেঞ্চ ওপেনের রাজা ফিরবেন রোলাঁ গারোতে। তবে শেষ পর্যন্ত হয়নি সেটিও। নিজেকে আসর থেকে সরিয়ে নিয়ে নাদাল বলেন, ‘আমি রোলাঁ গারোতে খেলতে পারব না। এ টুর্নামেন্ট আমার কাছে কতটা প্রিয়, সেটি আপনারা জানেন। কাজেই বুঝতেই পারছেন, এটা আমার জন্য কতটা কষ্টের।’
নাদাল এরপর যোগ করেন, ‘আগামী কয়েক মাস আমি খেলা চালিয়ে যেতে পারব না। পেশাদার ক্যারিয়ারে হয়তো ২০২৪ সালই আমার শেষ বছর হবে। এ সময়ে আমার কাছে যে টুর্নামেন্টগুলো গুরুত্বপূর্ণ, আমি শুধু সেগুলোতেই খেলতে চাই। আমি অলিম্পিকে খেলতে চাই।’