প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৩ ২৩:২০ পিএম
আপডেট : ১৪ মে ২০২৩ ২৩:২২ পিএম
চার জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট ‘বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ উইমেন্স ট্রফির ইয়ুথ ও জুনিয়র দুই বিভাগেই ফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশের মেয়েরা। স্বাগতিকদের সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচ নিশ্চিত করেছে ভারতও।
আরও পড়ুন : বিশ্বচ্যাম্পিয়ন হতে চায় সুলতানারা
পল্টন শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে টানা দুই ম্যাচ জিতে ফাইনালে উঠেছে বাংলাদেশ ও ভারত। দুদলের ফাইনাল নিশ্চিত হলেও গ্রুপসেরার নিশ্চয়তা এখনও কেউ পায়নি। আগামীকাল সোমবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ইয়ুথ উইমেন্স ও ভারতের ইয়ুথ উইমেন্স টিমের কন্যারা। ম্যাচ শুরু হবে বেলা ৩টায়। একই দিন বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ জুনিয়র দল খেলবে ভারত জুনিয়র দলের বিপক্ষে।
তবে ইয়ুথ ও জুনিয়র টানা দুই হারে টুর্নামেন্টের দুই বিভাগ থেকেই বিদায় নিয়েছে মালদ্বীপ ও নেপাল।
১৩ মে থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু আইএইচএফ ট্রফি। প্রথম দিনেই ম্যাটে নামে বাংলাদেশের দুদল ইয়ুথ ও জুনিয়র টিম। প্রথম দিন লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ ছিল মালদ্বীপ। বাংলাদেশের ইয়ুথ ও জুনিয়র দুই দলের কাছেই বড় ব্যবধানে হার মানে মালদ্বীপের মেয়েরা।
আজ রবিবার টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল নেপাল। মালদ্বীপের মতো নেপালের মেয়েরাও ধরাশায়ী হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের কাছে। বাংলাদেশ ইয়ুথ দল ৫০-০৪ গোলে হারায় নেপাল ইয়ুথ দলকে। আর বাংলাদেশ জুনিয়র দলের কাছে নেপাল জুনিয়র দল হেরেছে ২৩-০৯ গোল ব্যবধানে।
অন্যদিকে টুর্নামেন্টের প্রথম দিন ভারতের প্রতিপক্ষ ছিল নেপাল। ভারত ইয়ুথ দলের কাছে কোনো পাত্তাই পায়নি নেপাল ইয়ুথ দল। নেপালের মেয়েরা উড়ে যায় ৪৭-০১ গোলে। তাদের সঙ্গে ভারতের জুনিয়র দলও ছিনিয়ে নেয় বড় জয়। নেপাল জুনিয়র দলকে ৪৬-০৮ গোলে হারায় ভারতের মেয়েরা।
আজ ভারতের বিপক্ষে লড়াই করেছে মালদ্বীপ। ভারত ইয়ুথ দলের কাছে ৪২-১৪ গোলে হেরেছে দ্বীপ দেশটি। ইয়ুথ দলের সঙ্গে মালদ্বীপের জুনিয়র দলও ভারতের কাছে পরাজিত হয়েছে। মালদ্বীপের মেয়েরা বিধ্বস্ত হয়েছে ৫৫-০৯ গোলে।