ভারতে শিরোপা জয়
রংপুর অফিস
প্রকাশ : ১৪ মে ২০২৩ ২২:৫৮ পিএম
আপডেট : ১৪ মে ২০২৩ ২৩:০৪ পিএম
ভারতের কোচবিহারে প্রমীলা ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে রংপুরের মেয়েরা। শনিবার বিকালে কোচবিহারের দেওয়ানগঞ্জ মাঠে ফাইনালে টাইব্রেকারের রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের রংপুরের সদ্যপুস্করনী যুব স্পোর্টিং ক্লাব। শিরোপা নির্ধারণী ম্যাচে তারা টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়েছে সরলা একাডেমি দক্ষিণ দিনাজপুর ওয়েস্টবেঙ্গল ইন্ডিয়াকে।
আরও পড়ুন : সৌদিতে খোলামেলা জর্জিনা
প্রথমার্ধে ১১ মিনিটের মাথায় লিড পায় সরলা একাডেমি। গোল হজম করে ১-০ গোলে পিছিয়ে পড়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ৫৮ মিনিটের মাথায় সদ্যপুস্করনী যুব স্পোর্টিং ক্লাবকে সমতার স্বস্তি এনে দেন রেখা আক্তার। পরে আর কোনো গোল না হওয়ায় শিরোপার ভাগ্য গড়ায় টাইব্রেকারে। স্নায়ুচাপের টাইব্রেকারে বিজয়ীর হাসি হাসে সদ্যপুস্করনী যুব স্পোর্টিং ক্লাব।
ফাইনালে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জেতেন সদ্যপুস্করনী যুব স্পোর্টিং ক্লাবের গোলকিপার শাম্মি আক্তার। সেরা ডিফেন্ডার হয়েছেন রংপুরের রেখা আক্তার। আর সর্বোচ্চ গোলদাতার পুরস্কার উঠেছে অতিথি দলের অধিনায়ক সুলতানা আক্তারের হাতে।
দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প আয়োজিত স্বর্গীয় ক্ষিতীশ চন্দ্র রায় স্মৃতি নক আউট প্রমীলা ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত ও ভুটানের ৮টি দল অংশ নেয়। বাংলাদেশের হয়ে এ টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করে রংপুর সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়নের পালিচড়া নয়াপুকুরের সদ্যপুস্করনী যুব স্পোর্টিং ক্লাব।
এবার বিশ্ব জয়ের স্বপ্ন দেখছেন সদ্যপুস্করনীর অধিনায়ক সুলতানা আক্তার, ‘ভারতের মাটিতে ভারতের দলকে হারিয়েছি। এটি আমাদের জন্য গর্বের। আমরা জয়ের জন্য ভারতে এসেছিলাম। টুর্নামেন্ট জয় করে দেশে ফিরছি। আমাদের দলের খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্যের কাছে সব দল পরাস্ত হয়েছে। আগামীতে মাঠে আরও ভালো খেলে আমরা বিশ্বচ্যাম্পিয়ন হতে চাই।’
ক্লাবের সভাপতি মিলন মিয়া বলেন, ‘দেশের মেয়েরা বিদেশের মাটিতে খেলে জয়লাভ করেছে। এটি রংপুরসহ গোটা দেশের জন্য আনন্দের। এই শিরোপার মাধ্যমে প্রমাণিত হলো বাংলাদেশের নারীরা ফুটবলে অনেক এগিয়েছে। এ ধারাবাহিকতা রক্ষার চেষ্টা করব।’