× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল হোসেন

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২২ ১২:১৭ পিএম

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২ ১২:২৩ পিএম

ডানহাতি পেসার রুবেল হোসেন।

ডানহাতি পেসার রুবেল হোসেন।

সাদা পোশাকের টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশ জাতীয় দলের ডানহাতি পেসার রুবেল হোসেন। শুধু তাই নয়, লাল বলের সব ধরনের ক্রিকেট থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন ৩২ বছর বয়স্ক এ পেসার। অর্থাৎ প্রথম শ্রেণির ক্রিকেটে আর দেখা যাবে না তাকে।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিবৃতির মাধ্যমে অবসরের কথা জানিয়েছেন রুবেল। তরুণ পেসারদের উঠে আসার সুযোগ করে দিতে এ সিদ্ধান্ত নিয়েছেন বাগেরহাটের এ গতিতারকা। তবে সাদা বলের সবধরনের ক্রিকেটই চালিয়ে যাবেন তিনি।

অবসরের সিদ্ধান্ত জানিয়ে করা পোস্টে রুবেল লিখেছেন, ‘আসসালামু আলাইকুম আমি একটা বিষয় একটু জানাতে চাই! আজকে বিসিবিতে অফিশিয়ালি চিঠি দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলাম।’

তিনি আরও লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করার ক্ষেত্রে লংগার ভার্সন টুর্নামেন্টগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি মনে করি এই টুর্নামেন্টগুলোতে তরুণ পেসাররা যত বেশি সুযোগ পাবে, আমাদের পাইপলাইন তত মজবুত হবে। তাই তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ার জন্য আমি লাল বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের ২৭টি টেস্ট ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে আমার। যা আমার ক্যারিয়ারের অন্যতম অর্জন। আমি বিশ্বাস করি, লাল বলের ক্রিকেটে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের এই পথচলায় আমাকে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আশা করছি সামনের দিনগুলোতে আপনাদের পাশে পাব।’

‘টেস্ট থেকে বিদায় নিয়েছি। তবে, ওয়ানডে এবং টি২০ ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলকে আমার আরও কিছু দেওয়ার মতো সামর্থ্য আছে। তাই ডিপিএল, বিপিএলসহ অন্যান্য সাদা বলের টুর্নামেন্টে আমি নিয়মিত খেলা চালিয়ে যাব। আমার জন্য দোয়া করবেন। সাদা বলের বাকি জীবনে আপনাদের যেন রঙিন স্বপ্ন উপহার দিতে পারি।’

বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছেন রুবেল। সবমিলিয়ে ২৭ টেস্টের ক্যারিয়ারে ৩৬ উইকেট শিকার করেছেন তিনি। টেস্ট ক্যারিয়ারে সেরা বোলিং ১৬৬ রানে ৫ উইকেট, ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

এ ছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০ ম্যাচের ১০০ ইনিংসে বোলিং করে ৯৭ উইকেট শিকার করেছেন তিনি। যেখানে তার সেরা বোলিং ফিগার ৫১ রানে ৭ উইকেট। সবমিলিয়ে প্রথম শ্রেণির ক্যারিয়ারে চারবার ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছেন রুবেল।

প্রবা/জিজি/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা