প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ মে ২০২৩ ২০:১০ পিএম
আপডেট : ১১ মে ২০২৩ ২০:১৩ পিএম
আগামী ১৩ মে শুরু হচ্ছে বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ ট্রফি উইমেন্স টুর্নামেন্ট। টুর্নামেন্টের ভেন্যু শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দুপুর ১২টায় ভারত ও নেপালের ম্যাচ দিয়ে আসরের পর্দা উঠবে। আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক সহযোগিতায় ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় চারজাতির এ টুর্নামেন্ট চলবে ১৭ মে পর্যন্ত।
আরও পড়ুন - তিনগুণ বেশি বেতনে সৌদিতে যাচ্ছেন লরিস?
স্বাগতিক বাংলাদেশ ছাড়াও আসরে ভারত, নেপাল ও মালদ্বীপ খেলবে। তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই আসর। আগের দুই আসর হয়েছিল ২০১০ ও ২০১৬ সালে।
বঙ্গবন্ধু আইএইচএফ ট্রফির এবারের আসর আগের দুই আসরের ব্যাপ্তি এবং সফলতাকে ছাড়িয়ে যাবে বলে বিশ্বাস আয়োজকদের। সেজন্য সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। বিশ্বের ৪৭টি দেশে লাইভ স্ট্রিমিং করা হবে টুর্নামেন্টটি। একইসঙ্গে টুর্নামেন্টের ফেসবুক পেজেও লাইভে দেখা যাবে খেলা।
টুর্নামেন্টটি সামনে রেখে সংবাদ সম্মেলনে আজ বৃহস্পতিবার টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম, কো-চেয়ারম্যান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক পুলিশের অতিরিক্ত আইজি হাবিবুর রহমান, হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর, টুর্নামেন্টের মিডিয়া কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর হোসেনসহ হ্যান্ডবল ফেডারেশনের কর্মকর্তা, খেলোয়াড়সহ অন্যরা উপস্থিত ছিলেন।
শিরোপায় চোখ রাখছে বাংলাদেশ। দেশের অনূর্ধ্ব-১৭ জুনিয়র দলের কোচ ডালিয়া আক্তার বলেন, টুর্নামেন্টে আমরা সর্বোচ্চ ভালো করার চেষ্টা করব। টুর্নামেন্ট সামনে রেখে আমরা এক মাসের মতো প্রস্তুতি নিয়েছি। রমজানেও দুবেলা অনুশীলন হয়েছে সমানতালে। শুধু ঈদের দিন ট্রেনিং বন্ধ ছিল। স্বল্প সময়ের মধ্যে আমরা সর্বোচ্চ ট্রেনিং নিয়েছি।’
এদিকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ইয়ুথ হ্যান্ডবল টিমের কোচ আমজাদ হোসেন বলেন, ‘১৪ জনের চূড়ান্ত দল নিয়ে টুর্নামেন্টে আমরা অংশ নিচ্ছি। জুনিয়র টিমের মতো ইয়ুথ টিমেরও প্রস্তুতি-অনুশীলন একই রকম হয়েছে। আমরাও টুর্নামেন্টে সর্বোচ্চ ভালো করার চেষ্টা করব।’