প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ মে ২০২৩ ১৯:৪৮ পিএম
আপডেট : ১১ মে ২০২৩ ১৯:৫৬ পিএম
জাতীয় দলকে বিদায় বলে দিয়েছেন হুগো লরিস, ক্লাব ফুটবলে টটেনহ্যাম হটস্পার্সদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কেও অবশেষে পড়তে যাচ্ছে দাঁড়ি। চলতি মৌসুমের শেষে স্পার্সদের সঙ্গে চুক্তি শেষ হয় লরিসের। ফ্রান্সের বিশ্বকাপজয়ী গোলরক্ষকের পরিবর্তে খেলোয়াড়ও ইতোমধ্যে খুঁজতে শুরু করে দিয়েছে স্পার্স ক্লাব। এর মধ্যেই সৌদি আরব থেকে লোভনীয় বেতনের প্রস্তাব পেয়েছেন লরিস। ইউরোপের গণমাধ্যমের মতে, সৌদি প্রো লিগের ক্লাবটি তাকে পেতে সপ্তাহে ১৩.৫ কোটি টাকা খরচ করতেও প্রস্তুত, যা তার বর্তমান বেতনের তিনগুণ।
ইংল্যান্ড ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে ক্রিশ্চিয়ানো রোনালদো পাড়ি জমানোর পর একের পর এক তারকা প্রো লিগে টানতে চাচ্ছে সৌদি ক্লাবগুলো। লিওনেল মেসিকে রেকর্ড বেতনে দলে টানছে আল হিলাল। ক্লাবের দায়িত্বে আসতে যাচ্ছে বার্সেলোনা ও স্পেনের সাবেক কোচ লুইস এনরিকেও। এত আলোচনার মধ্যে নতুন ঘটনা হলো হুগো লরিসের প্রস্তাব। তবে ক্লাবটির নাম এখনও প্রকাশ্যে আসেনি।
টকস্পোর্ট-এর মতে, ৩৬বর্ষী তারকা গোলরক্ষককে সপ্তাহে ১ লাখ পাউন্ডের অফার করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি টাকার মতো। টটেনহ্যাম থেকে বর্তমানে যে বেতন পান, তার চেয়ে এটি তিনগুণেরও বেশি।