প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ মে ২০২৩ ২০:২৪ পিএম
সেই ২০০৮ সালে বার্সার জার্সি গায়ে চেপেছিলেন সার্জিও বুসকেটস। এরপর দীর্ঘ ১৫ বছর বার্সার মিডফিল্ড সামলিয়েছেন তিনি। পথে একে একে হারিয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজ ও লিওনেল মেসির মতো তারকাদের। এবার বার্সা ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনিও। এক ভিডিও বার্তায় ৩৪ বছর বয়সি এই ফুটবলার জানিয়েছেন, আসছে মৌসুমেই বার্সাকে বিদায় জানাবেন তিনি।
স্পেন জাতীয় দলকে আগেই বিদায় বলে দিয়েছেন। এবার বার্সাকেও বিদায় জানালেন এই অধিনায়ক। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘হ্যালো বন্ধুরা। ঘোষণা দেওয়ার সময় এসেছে যে, এটাই বার্সেলোনার হয়ে আমার শেষ মৌসুম। এটা চিরস্মরণীয় এক যাত্রা। ছোট থাকতে আমি এখানে ম্যাচ দেখতে আসলাম, টিভিতে বার্সার ম্যাচ দেখতাম এবং এই (বার্সার) জার্সি পরে খেলার স্বপ্ন দেখতাম। ছোট থাকতে কেউ যদি বলত এখানে ১৫ মৌসুম খেলব, আমি বিশ্বাস করতাম না।’
তিনি আরও বলেন, ‘এটা আমার জীবনের সঙ্গে জড়িত ক্লাব। সেখানে আমি ভক্ত, সদস্য, খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে যুক্ত ছিলাম। যে জার্সিতে আমি সাতশর বেশি ম্যাচ খেলেছি। অনেক বছর ধরে এই স্বপ্নের, সম্মানের, গৌরবের জার্সি পরা ছিল বিশেষ কিছু। কিন্তু সব কিছুরই তো একটা শেষ আছে। যদিও এটা সহজ সিদ্ধান্ত নয়, আমি মনে করি আমার সময় এসে গেছে। সব কিছুর বাইরে বার্সার ভক্ত হওয়াই বড় জিনিস।’