প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ মে ২০২৩ ১৭:৩৬ পিএম
আপডেট : ১০ মে ২০২৩ ১৭:৫৭ পিএম
বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী টি-টোয়েন্টি ম্যাচে ‘বেফাঁস’ মন্তব্য করে পরে ক্ষমা চেয়েছেন ধারাভাষ্যকার রোশন আবেসিংহে। কলম্বোয় তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বাংলাদেশ নারী দলের ক্রিকেটার নাহিদা আক্তারকে ‘যৌনবাদী’ এক মন্তব্য করেন ওই ধারাভাষ্যকার। যার জেরে নিন্দার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। পরে এর জন্য ক্ষমা চান ওই ধারাভাষ্যকার।
ঘটনাটি ম্যাচের ১৩তম ওভারের তৃতীয় বলকে কেন্দ্র করে। নাহিদা হাত ঘুরানোর সময় স্টাম্পে আঘাত হানেন। যাতে বেইল মাটিতে পড়ে যায়। ফলে বলটি নো বলে পরিণত হয়। আর ওই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন আবেসিংহে। তিনি হঠাৎ বলে ওঠেন, ‘এটাও নো বল। এখন এটি ক্ষমার অযোগ্য। দুটি বিষয়ে ক্ষমার অযোগ্য : এক, সে একজন স্পিনার; দ্বিতীয়, সে একজন মহিলা ... একজন মহিলা ক্রিকেটার। আমি মনে করি না তাদের বড় অগ্রগতি হয়েছে, তাই এই প্রেক্ষাপটে, কীভাবে সে ওভারস্টেপিং করে তা দেখেই আশ্চর্য হয়েছি।’
ধারাভাষ্যের এই অংশের একটি ক্লিপ টুইটারে ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। যা নিয়ে নারী ক্রিকেট ধারাভাষ্যকার জর্জ হিথ আবেসিংহেকে আর কখনও ধারাভাষ্য না দেওয়ার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তিনি বলেন, ‘এই ধারাভাষ্যকারকে নারী ক্রিকেটে ধারাভাষ্য দেওয়া থেকে সরানো উচিত।’
এ ছাড়াও আবেসিংহের ধারাভাষ্যের নিন্দা করেছেন অনেকেই। পরে তিনি এক বিবৃতিতে ক্ষমা চেয়ে লেখেন, ‘জর্জি, যদি আপনি বা অন্য কেউ আমার ধারাভাষ্যে অসন্তুষ্ট হন তবে আমাকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে দিন। মন্তব্যটি কখনোই অপমান করার উদ্দেশ্যে ছিল না, তবে নির্দোষভাবে একটি বিশুদ্ধ ক্রিকেটিং অ্যাঙ্গেলের মাধ্যমে করা হয়েছিল। তারপরও আমি দুঃখিত বলতে রাজি আছি এবং সংশোধন করতে চাই। আবারও আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’