প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ মে ২০২৩ ১৬:৩৩ পিএম
আপডেট : ০৯ মে ২০২৩ ১৬:৩৬ পিএম
ব্যাট হাতে ২২ গজে স্বপ্নের মতো সময় পার করছেন পাকিস্তান ওপেনার ফখর জামান। যার উপহারটাও তিনি পেয়েছিলেন র্যাংঙ্কিয়ে। ওয়ানডে ব্যাটারদের তালিকায় শীর্ষে থাকা বাবর আজমের পরই এখন তার স্থান। এবার আইসিসি থেকে আরও এক সুখবর পেলেন ফখর। গত এপ্রিল মাসে পারফরমেন্সের পুরস্কার স্বরূপ আইসিসির মেনস প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতেছে তিনি।
আইসিসি পুরুষদের এপ্রিল সেরা হওয়ার দৌড়ে ফখরকে লড়তে হয়েছে শ্রীলঙ্কার স্পিন জাদুকর প্রবাথ জয়সুরিয়া এবং নিউজিল্যান্ডের উদীয়মান ব্যাটার মার্ক চ্যাপম্যানের সঙ্গে। তবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফখরের খেলা অপরাজিত ১৮০ রানের ইনিংস তাকে মাসসেরা হওয়ার দৌড়ে সবার থেকে এগিয়ে রেখেছে। এছাড়াও সিরিজের প্রথম ম্যাচে ১১৪ বলে ১১৭ রান আসে ফখরের ব্যাট থেকে। আর এ দুটো ইনিংসই পাকিস্তানকে ম্যাচ জেতাতে সাহায্য করেছিল। যার স্বীকৃতিই এবার পেয়েছেন ফখর।
আইসিসির এপ্রিল মাসসেরা হয়ে গর্বিত ফখর বলেন, ‘এপ্রিল মাসের জন্য আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচিত হওয়া আমার জন্য সত্যিই গর্বের। এই মাসটি আমার কেরিয়ারের অন্যতম হাইলাইট। লাহোর, রাওয়ালপিন্ডি এবং করাচিতে আমার নিজের লোকদের সামনে খেলা একটি আশ্চর্যজনক অনুভূতি ছিল। আমি রাওয়ালপিন্ডিতে ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি করা সত্যিই উপভোগ করেছি, কিন্তু আমার প্রিয় ছিল দ্বিতীয় ম্যাচে অপরাজিত ১৮০ রান।’