× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চেমসফোর্ডে প্রথম ওয়ানডে আজ

শেষটাও ভালো হোক, চাওয়া বাংলাদেশের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৩ ১৪:২৩ পিএম

আপডেট : ০৯ মে ২০২৩ ১৪:২৭ পিএম

শেষটাও ভালো হোক, চাওয়া বাংলাদেশের

বিশ্বকাপ সুপার লিগের শুরুটা বাংলাদেশ করেছিল জয় দিয়ে। উইন্ডিজকে ৩-০ ব্যবধানে সিরিজ হারিয়ে পকেটে পুরেছিল ৩০ পয়েন্ট। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তানকে হারিয়ে নিশ্চিত করে ফেলেছে বিশ্বকাপে নিজেদের জায়গাও। সেই সুপার লিগের শেষ সিরিজ শুরু আজ। প্রতিপক্ষ আয়ারল্যান্ড। যারা খেলছে ‘ঘরের মাঠে’। সেই সিরিজেও বাংলাদেশের চাওয়া অভিন্ন, সিরিজ জয়ে চোখ দলের। দারুণ কাটানো সুপার লিগের শেষটাও যে তাতে ভালোভাবেই করা হয়ে যায়!

আরও পড়ুন : জ্যোতির ব্যাটে বাংলাদেশের বড় জয়

এই আয়ারল্যান্ডকে ঘরের মাটিতে সবশেষ সিরিজেই বাংলাদেশ হারিয়েছে ২-০ ব্যবধানে। ব্যাটিং-বোলিংয়ে সে সিরিজটা কেটেছে বেশ ভালো, দুয়ের মিশেলে বাংলাদেশ ভেঙেছে একগাদা দলগত রেকর্ড। তবে সেই সিরিজের কথা ভেবে এই সিরিজটাও সহজই হবে, ভাবাটা বোধ হয় ঠিক হবে না! আয়ারল্যান্ড যে খেলছে ‘নিজেদের মাঠে’!

ঠিক নিজেদের মাঠে বললে অবশ্য ভুল হবে! বছরের এই সময়টায় আয়ারল্যান্ডে বৃষ্টি হয় খুব। সে কারণে সিরিজটা সরিয়ে নিয়ে এসেছে ইংল্যান্ডে। এখানেও বৃষ্টি হয়, বাংলাদেশ যে কারণে ঠিকঠাক প্রস্তুতিটাও নিতে পারেনি। তবে আয়ারল্যান্ডে হলে বৃষ্টির কারণে সিরিজটা মাঠে গড়াত কি না, তা নিয়েও সৃষ্টি হতো শঙ্কা। 

সিরিজটা যেকোনো মূল্যে মাঠে গড়ানোর চেষ্টা আয়ারল্যান্ডের। কারণ সিরিজটার ফলাফলের ওপরই যে নির্ভর করছে আইরিশদের বিশ্বকাপে সরাসরি খেলা-না খেলা! তবে আইরিশদের কাজটা সহজ নয়, বিশ্বকাপে খেলতে হলে জিততে হবে ৩-০ ব্যবধানে। নিজেদের মাঠ বলেই সেই অসম্ভব চেষ্টাটা যে করেই হোক করতে চাইছে আয়ারল্যান্ড। 

আইরিশদের বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে ভাবতে বাংলাদেশের বয়েই গেছে! বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেলেও রণে ভঙ্গ না দেওয়ার পণই করেছেন অধিনায়ক তামিম ইকবাল। বাংলাদেশের সামনে অবশ্য একটা অর্জনের হাতছানি আছে। সিরিজটা ৩-০ ব্যবধানে জিততে পারলে সুপার লিগটা সেরা দুইয়ে থেকে শেষ করবে দল। বাংলাদেশ চোখ রাখছে সেখানেই। সেরা দুই না হোক, নিদেনপক্ষে সেরা চারে থেকে সুপার লিগ শেষ করতে চান অধিনায়ক তামিম ইকবাল। বলেছিলেন, ‘৭ বা ৮ নম্বর হয়ে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেন, তাহলে সেটা কোনো পার্থক্য তৈরি করে না। যদি আমরা সেরা চারে থেকে যেতে পারি, সেটা একটা ব্যাপার হবে।’

ম্যাচটা হচ্ছে ইংল্যান্ডের চেমসফোর্ডে। যে মাঠটা আবার বাংলাদেশের জন্যও অনেক স্মৃতির, নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচটা যে এখানে খেলেছিল দল! এ মাঠ এবার খানিকটা গোলমেলে ঠেকতে পারে দলের কাছে। মাঠটা ছোট, তবে টানা বৃষ্টির ফলে কন্ডিশন আর পিচ থাকতে পারে বোলারদের অনুকূলে। ঘরোয়া ক্রিকেটে শেষ আট ওয়ানডের ছয়টিতেই এখানে রান হয়েছে ৩০০-এর বেশি। তা থেকে আঁচ পাওয়া যাচ্ছে, রানও নেহাত কম হবে না এখানে। 

সবশেষ সিরিজে বাংলাদেশকে বড় সুবিধা দিয়েছিল বদলে যাওয়া ব্যাটিং অ্যাপ্রোচ। সে অ্যাপ্রোচটা প্রতিপক্ষের মাটিতে বাজিয়ে দেখার অপেক্ষা এখন। সবশেষ সিরিজে পেসাররাও জ্বলে উঠেছিলেন সমানভাবে। চেমসফোর্ডে আজ তাই পরীক্ষাটা বোলারদেরও। 

তবে সব পরীক্ষায় উতরে গিয়ে বাংলাদেশ চাইবে সিরিজটা জিততে। তাতে শেষটা ভালো তো হবেই, সুপার লিগের সেরা চারে থাকাও যে নিশ্চিত হয়ে যায় সঙ্গে!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা