প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৩ ১৬:২৩ পিএম
আপডেট : ০৮ মে ২০২৩ ১৭:২৯ পিএম
সাত দল আগেই নিশ্চিত ছিল। অপেক্ষা ছিল অষ্টম দলের। সে অপেক্ষা ঘুচল অবশেষে। অষ্টম দল হিসেবে সাফে অংশগ্রহণ নিশ্চিত করেছে লেবানন।
বিষয়টি নিশ্চিত করেছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। তিনি জানিয়েছেন, ‘অষ্টম দল হিসেবে সাফে অংশগ্রহণ নিশ্চিত করেছে লেবানন।’ সাফের গ্রুপিং হওয়ার কথা আগামী ২১ মে। ৮ দল হয়ে যাওয়ায় সেটা এগিয়েও আসতে পারে বলে জানিয়েছেন হেলাল।
সাফে দক্ষিণ এশিয়ার বাইরের দল আনার অনুরোধটা ছিল ভারতের। টুর্নামেন্টটাকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতেই ছিল এই অনুরোধ। সঙ্গে তাদের চাওয়া ছিল এটাও, যেন দুই দল র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ তে থাকে।
এর আগে অংশগ্রহণ নিশ্চিত করা কুয়েত অবশ্য র্যাঙ্কিংয়ে ভারতের নিচে ছিল। ভারতের র্যাঙ্কিং যেখানে ১০১, সেখানে কুয়েতের অবস্থান ছিল ১৪৩।
শেষ দল হিসেবে সাফে আসা লেবানন অবশ্য টুর্নামেন্টের বাকি সাত দলের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে। ফিফা র্যাঙ্কিংয়ের ৯৯তম অবস্থানে আছে দলটি। ফলে ভারত ও লেবানন থাকবে দুই গ্রুপের টপ সিড দল হিসেবে।