প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ মে ২০২৩ ২১:৫২ পিএম
আপডেট : ০৬ মে ২০২৩ ২১:৫২ পিএম
তৃতীয়বারের মতো এশিয়ান চ্যাম্পিয়নস লিগের ট্রফি উঁচিয়ে ধরেছে জাপানের ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডস। শনিবার ফাইনালের ফিরতি লেগে দলটি সৌদির ক্লাব আল হিলালকে হারিয়েছে ১-০ গোলে। তাতে দুই লেগ মিলিয়ে ২-১ গোলের জয়ে শিরোপা উঁচিয়ে ধরেছে জাপানের ক্লাবটি।
আল হিলালের জন্য ম্যাচটি ছিল শিরোপা ধরে রাখার। অন্যদিকে উরাওয়ার জন্য ম্যাচটি ছিল এশিয়ায় আবারও নিজেদের শ্রেষ্ঠত্বের জানান দেওয়া। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টাআক্রমণে ব্যস্ত থেকেছে দুদলই। তবে প্রতিপক্ষের মাঠে সমতা টানায় দ্বিতীয় লেগে এগিয়ে ছিল জাপানের ক্লাবটিই। এরপরও প্রথমার্ধে উরাওয়াকে সাফল্য পেতে দেয়নি আল হিলাল।
তবে নিজেদের মাঠে দ্বিতীয়ার্ধে আর কোনো ভুল করেনি উরাওয়া। তাদের চাপে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ভুল করে আল হিলালের রক্ষণ। নিজেই নিজেদের জালে বল ঢুকিয়ে দেন আন্দ্রে ক্যারিলো। এরপর বাকি সময় চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি আল হিলাল। তাতে ১-০ গোলের জয়ে ২০০৭ ও ২০১৭ সালের পর আবারও শিরোপা উঁচিয়ে ধরে জাপানের ক্লাবটি।