প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ মে ২০২৩ ১৬:২৪ পিএম
আপডেট : ০৬ মে ২০২৩ ১৬:৪৮ পিএম
চট্টগ্রামে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে পাকিস্তান যুবাদের বিপক্ষে পাত্তা পায়নি বাংলাদেশ যুবারা। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ম্যাচ জিতেছে ৯ উইকেটের বড় ব্যবধানে। তাতে সিরিজে ১-০ তে এগিয়ে সফরকারীরা। সিরিজের ঘুরে দাঁড়ানোর মিশনে আগামী ৮ মার্চ ফের মুখোমুখি হবে দুদল।
এদিন টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। দলীয় ২৫ রানে বাংলাদেশের তিন টপ অর্ডার ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশকে চাপে ফেলে সফরকারী বোলাররা। মাঝে মাহফুজুর রহমান রাব্বি ছাড়া বলার মতো রান পাননি আর কেউ। সঙ্গ পাননি তিনিও। তার ১০০ বলে অপরাজিত ৭০ রানে ভর করে স্কোরবোর্ডে ১৬৫ রান জমা করে বাংলাদেশ। পাকিস্তানি বোলারদের মধ্যে ১০ ওভার হাত ঘুরিয়ে ২৪ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন আমির হাসান।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে কোনো ভুল করেনি পাকিস্তানের দুই ওপেনার আজান ও শাহজাইব। তাদের লড়াইয়ে জয়ের খুব কাছে চলে যায় পাকিস্তান। জয় প্রায় নিশ্চিত করে দলীয় ১৪৮ রানের মাথায় ব্যক্তিগত ৮৩ রান করে সাজঘরে ফেরেন শাহজাইব খান। ১১৬ বল থেকে ৩ ছক্কা ও ৭ চারে ৮৩ রান আসে তার ব্যাট থেকে। এরপর বাকি কাজটুকু শ্যামল হুসাইনকে নিয়ে করেন আজান। জয়ের পথে আজানের ব্যাট থেকে আসে ১০০ বলে ৬৯ রান।
এর আগে চট্টগ্রামে একমাত্র চার দিনের ম্যাচ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ যুবাদের ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান যুবারা।