প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ মে ২০২৩ ১১:৪১ এএম
আপডেট : ০৬ মে ২০২৩ ১২:১২ পিএম
পিএসজির সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক ভালো যাচ্ছে না। ফ্রেঞ্চ ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরব ভ্রমণ করায় নিষেধাজ্ঞায়ও পড়েছে। শেষ পর্যন্ত অনুতপ্ত মেসি ক্ষমাও চেয়েছেন। পিএসজির সঙ্গে এমন যখন অবস্থা তখন জোরালো হয়েছে তার দল বদল নিয়ে গুঞ্জন। মেসির পরবর্তী গন্তব্য হিসেবে সৌদি আরবের ক্লাব আল-হিলাল, মেজর লিগ সকারের ইন্টার মিয়ামি এবং মেসির সাবেক ক্লাব বার্সেলোনার নাম শোনা যাচ্ছে। সেই তালিকায় আছে প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও।
বার্সেলোনার সঙ্গে দীর্ঘ সম্পর্ক ভেঙে লিওনেল মেসি যখন পিএসজিতে এসেছিলেন তারও আগে থেকে তাকে দলে টানতে চাইছিল ম্যানচেস্টার ইউনাইটেড। পিএসজির সঙ্গে চুক্তির আগে ইংলিশ দৈনিক দ্য সান জানিয়েছিল, রেড ডেভিলদের ডেরায় আসতে চেয়েছিলেন মেসিও। প্রিমিয়ার লিগের ক্লাবটিও উঠেপড়ে লেগেছিল। কিন্তু পিএসজির কাছে তারা ব্যর্থ হয়েছিল।
আরও পড়ুন: সৌদি আরবে গিয়ে অনুতপ্ত মেসি, চাইলেন ক্ষমা
মেসির দলবদলের সুযোগে তাকে এবার পেতে চাইছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটিও। পিএসজির সঙ্গে সম্পর্ক অবনতির সময়ে আর্জেন্টাইন সুপারস্টারের সঙ্গে কথাও বলেছে তারা এবং চুক্তির অফারও দিয়েছে ক্লাবটি। প্রিমিয়ার লিগের আরেক ক্লাব চেলসিও তাকে পেতে চাইছে বলে ইউরোপিয়ান মিডিয়ায় খবর।