প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৩ ১০:০৬ এএম
আপডেট : ০৬ মে ২০২৩ ১০:২২ এএম
আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডে সিরিজ খেলতে যাওয়ার আগে সিলেটে নিজেদের প্রস্তুতি সেরেছিল বাংলাদেশ। প্রস্তুতি ক্যাম্পের শেষ দিনে চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, ‘আগে (বিশ্বকাপের সূচি) ঘোষণা করা হলে ভালো হয়। খানিক স্বচ্ছতা পাওয়া যায়।’ সম্ভবত এই লঙ্কানের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।
আরও পড়ুন : সৌদি আরবে গিয়ে অনুতপ্ত মেসি, চাইলেন ক্ষমা
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের প্রতিবেদনে জানিয়েছে, আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। বাংলাদেশের বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনস ও গুয়াহাটির আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে।
বিশ্বকাপে বাংলাদেশি সমর্থকদের কথা বিবেচনা করে মূলত কলকাতা ও গুয়াহাটিতে সাকিব-তামিমদের বেশিরভাগ ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। এই দুই ভেন্যুর বাইরে কোথায় বাংলাদেশের ম্যাচগুলো হবে সেটা অবশ্য জানায়নি। ভারতের ম্যাচগুলো সাতটি ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের ম্যাচটি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজন করবে বিসিসিআই। অন্যদিকে বিশ্বকাপে পাকিস্তানের বেশিরভাগ ম্যাচ চেন্নাই ও বেঙ্গালুরুতে আয়োজিত হবে। নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্বকাপের জন্য ১৩ ভেন্যু চূড়ান্ত করেছে বিসিসিআই। সেখানেই অনুষ্ঠিত হবে ১০ দলের এবারের আসর। বর্ষা মৌসুমের কথা মাথায় রেখে ভারতের দক্ষিণাঞ্চলে নভেম্বরের আগে বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজন করবে না। এখনও বিষয়গুলো গুঞ্জন হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ভারতে চলমান আইপিএল শেষে বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করবে আইসিসি ও বিসিসিআই। চূড়ান্ত সূচি প্রকাশের আগে ফাইনালের ভেন্যু কোনটা হবে সেটাও জানিয়েছে পত্রিকাটি। সর্বশেষ ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল ভারত। সেবার ফাইনাল হয়েছিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এবারের ফাইনাল মুম্বাইয়ে নয়, সম্ভাব্য ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম।