প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ মে ২০২৩ ২০:১২ পিএম
আপডেট : ০৫ মে ২০২৩ ২১:২৭ পিএম
আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের ম্যাচ হওয়ায় বাংলাদেশের মেয়েদের এবারের শ্রীলঙ্কা সফর একটু বেশিই তাৎপর্যপূর্ণ ছিল। এখানে জিতলে সরাসরি বিশ্বকাপ খেলার পথে এগিয়ে যেত বাংলাদেশের মেয়েরা। তবে শেষ পর্যন্ত হয়নি সেটি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ সিরিজ হেরেছে ১-০ ব্যবধানে। যদিও টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ পেসার জাহানারা আলম।
এর আগে কলম্বোয় প্রথম দুটি ওয়ানডেই বৃষ্টিতে পরিত্যক্ত হয়। পরে দুই বোর্ড সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয় ম্যাচটি আবারও মাঠে গড়ানোর সিদ্ধান্ত নেয়। এ ম্যাচেও বাগড়া দেয় বৃষ্টি। ম্যাচ নেমে আসে ৩০ ওভারে। যেখানে শ্রীলঙ্কা ম্যাচ জিতে ৫৮ রানে। সিরিজের তৃতীয় ম্যাচটি হওয়ার কথা ছিল আগামী ৭ মে। যদিও শেষ পর্যন্ত হচ্ছে না সেটি। আইসিসির অনুমোদন মেলেনি। প্রথম দুটি ম্যাচকে বৃষ্টিতে পরিত্যক্ত দেখিয়ে বাংলাদেশের হারা ম্যাচটিকে তৃতীয় ম্যাচ দেখিয়েছে আইসিসি। যাতে ১-০ ব্যবধানে তিন ম্যাচের সিরিজ জিতেছে শ্রীলঙ্কার মেয়েরা। মূলত, ওয়ানডে সিরিজের ম্যাচগুলো ছিল আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের। ফলে চাইলেও সিরিজের সূচিতে পরিবর্তন আনতে পারেনি লঙ্কান ক্রিকেট বোর্ড।
যা নিয়ে কিছুটা হতাশ সবাই। তবে এখান থেকে ঘুরে দাঁড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন জাহানারা আলম। ফেসবুকে জাহানারা লিখেছেন, ‘খারাপ সময় নিয়ে কখনও চিন্তা করবেন না। কখনও কখনও সঠিক প্রক্রিয়া অনুসরণ ও খুব কঠোর পরিশ্রম করেও ফল আপনার পক্ষে নাও আসতে পারে। মনে রাখবেন আপনি আপনার ভাগ্যের বাইরে নন। অন্ধকারের শেষ আছে, আলো আসবেই। অনেক মানুষ হয়তো খারাপ মন্তব্য করতে পারে, যা আপনাকে হতাশ করে। তবে আপনি চাইলে সেইসব অনিচ্ছাকৃত জিনিস থেকে ইতিবাচকতা নিয়ে এগিয়ে যেতে পারেন। কাজেই নিজের কাঁধে ভরসা রাখুন, আপনার মুখে হাসি ফোটান এবং এগিয়ে যান।’
আগামী ৯ মে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।