প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ মে ২০২৩ ১৫:১৪ পিএম
পাকিস্তানকে ২৮৭ রানে আটকে সিরিজে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে ব্যাট করতে নেমেছিল সফরকারী নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে পারেনি কিউইদের মিডল অর্ডার। টপ অর্ডাররা আশা জাগালেও মিডল ও লোয়ার অর্ডারের ব্যর্থতায় কিউইদের থামতে হয়েছে জয় থেকে ২৬ রান দূরে। তাতে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ তে এগিয়ে বাবর আজমের দল। বাবর সিরিজ জয়ের কৃতিত্ব দলকে দিলেও হারের দায় ব্যাটারদের ওপর চাপিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।
সিরিজ জয়ের ম্যাচে আগে ব্যাট করতে নেমে ইমাম উল হকের ৯০, বাবরের ৫৪, মোহাম্মদ রিজওয়ানের ৩২ ও আঘা সালমানের ৩১ রানে ভর করে নির্ধারিত ওভারে ৬ উইকেট খরচায় স্কোরবোর্ডে ২৮৭ রান জমা করে পাকিস্তান। কিউই বোলারদের মধ্যে পাকিস্তানের ৩ উইকেট শিকার করেছেন ম্যাট হেনরি।
জবাব দিতে নেমে দলীয় ৮১ রানে প্রথম উইকেট হারায় কিউইরা। উইল ইয়াংয়ের ৩৩ রানের পর ২১ রানে ফিরেন ড্যারেল মিচেল। এরপর টম ব্লান্ডেল ফিরে যান ৬৫ রানে। এরপর কিউইদের লড়াইয়ে রেখেছিল টম ল্যাথাম ও কোল ম্যাকোকি। ল্যাথাম ৪৫ রানে ফেরার পর একপ্রান্ত আগলে রেখেছিলেন ম্যাকোকি। সঙ্গ পাননি তিনি। বাকি ব্যাটারদের আশা যাওয়ার মিছিলে ৬৪ রানে অপরাজিত থেকে মাঠে বসে হার দেখতে হয়েছে তাকে। পাকিস্তানি বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন আফ্রিদি, নাসিম ও ওয়াসিম।
সিরিজ জেতায় দলীয় কৃতিত্ব দেখছেন বাবর। ম্যাচ শেষে বলেন, ‘এ ম্যাচে পিচ কিছুটা ধীর ছিল কিন্তু ইমাম এবং আমি জুটি গড়েছিলাম। তারপর, রিজওয়ান এবং শাদাব আমাদের ২৮০ রানে নিয়ে গেছে। বোলাররাও ছিল অসাধারণ। ওয়ানডেতে, আমরা ৩৫০ তাড়া করার চেষ্টা করছি এবং ৩০০ রক্ষা করার চেষ্টা করছি।’
অন্যদিকে টম ল্যাথাম বলেন, ‘পিচ কিছুটা মন্থর ছিল। আমরাও ব্যাটিংয়ে ভালো জুটি করতে পারিনি। শুরুর দিকে ভালো ব্যাট করলেও মাঝে ও শেষে ভালো ব্যাটিং হয়নি। বোলাররা যদিও উন্নতি করেছে। আপনি যখন এমন স্কোর তাড়া করছেন তখন ব্যাক টু ব্যাক ভালো জুটি প্রয়োজন। আজ আমরা আমাদের সেরা ব্যাটিং করতে পারিনি।’