প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ মে ২০২৩ ২৩:০৮ পিএম
ডিপিএলে মোহামেডানের শুরুটা ছিল দুর্বিষহ। প্রথম পাঁচ ম্যাচে পেয়েছিল মাত্র এক পয়েন্ট। ষষ্ঠ ম্যাচে সাকিব আল হাসানের ছোঁয়ায় প্রথম জয়ের দেখা পায়। পরে টানা পাঁচ জয়ে কোনো রকমে সুপার সিক্সে জায়গা হয় মোহামেডানের। সাকিবের ছোঁয়ায় বদলে যাওয়া মোহামেডানের কোচ আশিকুর রহমান মনে করেন বিশ্বসেরা অলরাউন্ডারের মধ্যে আল্লাহপ্রদত্ত জাদু আছে। এ ছাড়া বিশ্ব ক্রিকেটে কেউ যদি গবেষণা করতে চান, তাহলে সাকিবকে নিয়েও গবেষণা করা উচিত বলে মনে করেন।
আবাহনীর বিপক্ষে হারের পর সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে আজ শেখ জামালের বিপক্ষে মাঠে নামবে মোহামেডান। গতকাল ম্যাচের আগে মিরপুরে অনুশীলন করে পুরো শিবির। অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোহামেডান কোচ আশিক। সেখানেই সাকিবের মধ্যে জাদু আছে বলে জানান। কেন তার কাছে সেটা মনে হয়েছে তারও ব্যাখ্যা দিয়েছেন আশিক। মূলত ড্রেসিংরুম চাঙা করতে পারা ও ক্রিকেটারদের মনোবল বৃদ্ধি করতে পারার ক্ষমতার কারণে মোহামেডান কোচের এটা মনে হয়। সাকিবের কারণে সহজ হয়েছে আশিকের কাজও, ‘সাকিব যে দলে থাকে, সে দলে খেলোয়াড়দের খেলাটা সহজ হয়ে যায় এবং কোচদের জন্য কোচিংটা সহজ হয়ে যায়।’
দলের সঙ্গে কীভাবে সাকিব এক হয়ে যান তার উদাহরণও টেনেছেন আশিকÑ ‘ওর সম্পৃক্ততা, একবার ডাগআউটে যাচ্ছে, ১২তম খেলোয়াড়ের মাধ্যমে তথ্য পাঠাচ্ছে, ড্রেসিংরুমে মজা করছে, বাইরে থেকে একটা ইতিবাচক সাউন্ড করছে। শুধু আমাদের নয়, বিপক্ষে দলের ড্রেসিংরুমে কিংবা ছাতার নিচেও এর প্রভাব পড়ে। এক সাকিব আল হাসানের একটা কথা চারদিকে ছড়িয়ে পড়ে। তার ভেতরে আল্লাহপ্রদত্ত একটা জাদু আছে।’ সাকিবের এই সম্পৃক্ততার কারণে আশিকের মনে হয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ে গবেষণার অংশ হতে পারে সাকিব, ‘সারা বিশ্বে যদি কেউ ক্রিকেট নিয়ে গবেষণা করতে চান, তাহলে সাকিব আল হাসানকে নিয়ে গবেষণা করুন। ওর ভেতর সব ইতিবাচক, নেতিবাচক কিছু নেই।’ দলকে জয়ের ধারায় নিতে সাকিবের প্রভাব কী ছিল সেটাও ব্যাখ্যা করেন আশিক, ‘সে মোহামেডানে যেটা করছে, তার উপস্থিতির প্রভাব এমনভাবে ছড়িয়ে পড়েছে চারদিকে, যা কি না আমাদের সবার ভেতরে প্রভাবিত করেছে। একটা শক্তির সৃষ্টি করেছে। এতে আমাদের সবার ভেতর থেকে শক্তিটা বের হয়ে আসছে, যেটা নিভে ছিল।’
সাকিব আল হাসানকে সুপার লিগে পাবে না মোহামেডান। সাকিব ছাড়াও মেহেদি হাসান মিরাজ ও রনি তালুকদারকেও পাবে না। তবুও সুপার লিগে ভালো করার ব্যাপারে আশাবাদী তিনি। আজ বিকেএসপিতে শেখ জামালের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে দলটি। এই শেখ জামালকে হারিয়েই জয়ের ধারা তৈরি করেছিল সাদা-কালো শিবির। এবারও সেটা করতে পারে কি না সেটাই দেখার অপেক্ষা।