প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ মে ২০২৩ ২২:১৯ পিএম
চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর মেসিকে নিয়ে আগ্রহ কমেছে ফরাসি জায়ান্ট ক্লাব পিএসজির। মেসিরও এখন আর মন নেই প্যারিসে। সেকারণে ক্লাবকে না জানিয়ে সপরিবারে সৌদি আরব সফরে গিয়েছেন মেসি। যার শাস্তিও পেয়েছেন আর্জেন্টাইন তারকা। তবে তার আগে এক রকম প্যারিসকে বিদায় বলে দিয়েছেন মেসি। এমনটিই জানিয়েছে দলবদল ইস্যুতে বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
ফ্যাব্রিজিও রোমানো এক টুইটে দাবি করেছেন, আসছে জুনেই প্যারিস ছাড়ছেন মেসি। তবে প্যারিস ছেড়ে কোথায় যাচ্ছেন মেসি, সে বিষয়ে কিছু জানাননি তিনি। জানিয়েছেন, মেসি ও পিএসজির সম্পর্ক শেষের পথে আগামী জুনেই সাতবারের ব্যালন ডি'অরজয়ী প্যারিস ছাড়বেন। আর এই সিদ্ধান্তের ব্যাপারে আরও এক মাস আগেই পিএসজিকে অবগত করেছেন মেসির বাবা হোর্হে মেসি।
এর আগে গত রবিবার লরিয়েঁর বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচে ৩-১ গোলে হারের পর সমর্থকদের দুয়োও শুনেছেন মেসি। শুরুর দিকে মেসি সেসব গায়ে মাখাতেন, এখন সেসব আর তেমন পাত্তা দেন না। তাই ম্যাচ শেষেই তিনি উড়াল দেন সৌদি আরবের উদ্দেশে। মেসির সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই জানা যায় বিষয়টি। পরে এর জেরে মেসিকে ২ সপ্তাহের জন্যে বরখাস্ত করে পিএসজি।