প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৩ ১৫:৫৬ পিএম
আপডেট : ০৩ মে ২০২৩ ১৬:৫১ পিএম
সবশেষবার যখন বাংলাদেশে পা রেখেছিলেন লিওনেল মেসি। নানা প্রতিবন্ধকতায় দ্বিতীয়বার তার ঢাকায় আগমনের সম্ভাবনা ভেস্তে গেছে। গেটি ইমেজ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর থেকেই লিওনেল মেসিদের বাংলাদেশে আসার বিষয়ে গুঞ্জন মাথাচাড়া দিয়ে উঠেছিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও জানিয়েছিল তাদের আনার বিষয়ে চেষ্টার বিষয়টি। নানা প্রতিবন্ধকতা অবশ্য ছিল সামনে। তবে সেসব ডিঙিয়ে মেসিদের আবারও ঢাকায় আনার বিষয়ে আশাবাদী ছিল বাফুফে। তবে শেষমেশ সে প্রতিবন্ধকতারই জয় হলো। বাফুফে এবার জানিয়েই দিল, লিওনেল মেসির আর্জেন্টিনাকে আনা সম্ভব হচ্ছে না বাংলাদেশে।
আর্জেন্টিনাকে আনা সম্ভব নয়, বিষয়টি অনেকটা নিশ্চিতই ছিল শেষ কিছু দিনে। তবে বাফুফে এ বিষয়ে কিছু বলেনি। বলেছে আজ (বুধবার)। সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন বিষয়টি। তার কথা, ‘দুই পক্ষ (বাফুফে ও এএফএ) চুক্তির খুব কাছাকাছিই ছিলাম। তবে সেটা এখন আর সম্ভব নয়।’
কেন সম্ভব নয়? কারণ আর্জেন্টিনাকে যদি বাংলাদেশে আনা হয়, তাহলে খেলানো হবে কোথায়? বাংলাদেশ ফুটবলের সবেধন নীলমণি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেরই যে সংস্কারকাজ শেষ হয়নি এখনও! এ ছাড়া আন্তর্জাতিক মানের মাঠ নেই বাফুফের হাতে।
সংস্কারকাজের দীর্ঘসূত্রিতার কারণে আর্জেন্টিনাকে আনা সম্ভব নয়, বিষয়টি আঁচ করা যাচ্ছিল মাসকয়েক আগে থেকেই। বাফুফে সভাপতির কথায় এখন তা চূড়ান্ত রূপ পেল, এই যা!