প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৩ ০১:৩১ এএম
আপডেট : ০৩ মে ২০২৩ ০১:৪২ এএম
সময় যত গড়াচ্ছে, পিএসজির সঙ্গে লিওনেল মেসির সম্পর্কটা খারাপ হচ্ছে ততোই। তবে এবারের মতো কিছু কমই হয়েছে পিএসজিতে মেসির দু'বছরের সম্পর্কে। ফরাসি চ্যাম্পিয়নরা মেসিকে বরখাস্তই করে বসেছে। ফলে আগামী দুই সপ্তাহ পিএসজির কোনো কার্যক্রমেই দেখা যাবে না আর্জেন্টাইন মহাতারকাকে।
গত রবিবার লরিয়েঁর বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচে পিএসজি হেরেছে ৩-১ গোলে। সেই ম্যাচে মেসি বড্ড ম্লান ছিলেন, গোল করতে পারেননি, গোলে সহায়তাও করতে পারেননি। এমন পারফর্ম্যান্সে দলের সমর্থকদের দুয়োও শুনেছেন বেশ। শুরুর দিকে মেসি সেসব গায়ে মাখাতেন, এখন সেসব আর তেমন পাত্তা দেন না। তাই তো ম্যাচ শেষেই তিনি উড়াল দেন সৌদি আরবের উদ্দেশে।মেসির সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই জানা যায় বিষয়টা।
সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল খতিব মেসির সৌদি সফরে আনন্দ প্রকাশ করে টুইটারে জানান, ‘সৌদি আরবের পর্যটন দূত লিওনেল মেসি ও তার পরিবারকে এখানে দ্বিতীয়বারের মতো ছুটি কাটাতে এখানে আসায় স্বাগত জানাচ্ছি।’ তবে যে ‘ছুটি’র কথা সৌদি মন্ত্রী বলেছেন, সেই ছুটিই নাকি মেসি নেননি! পিএসজি চটেছে মূলত সে কারণেই!
ইউরোপীয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানান, মেসির এই অবকাশযাপনকে নাকি অনুমোদনই দেয়নি পিএসজি। সে কারণে পিএসজির চেয়ারম্যান নাসের আল খেলাইফিও চটেছেন, এমন খবরও কাল ছড়িয়েছে বেশ। সেই কারণেই মেসিকে ‘বরখাস্ত’ করেছে পিএসজি। যার ফলে আগামী দুই সপ্তাহ পিএসজি থেকে বরখাস্ত থাকবেন তিনি।