প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ মে ২০২৩ ১৬:১৩ পিএম
আপডেট : ০২ মে ২০২৩ ১৬:২৯ পিএম
চট্টগ্রামে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে প্রথম ইনিংসে ব্যর্থতার পর ম্যাচ বাঁচাতে দ্বিতীয় ইনিংসে লড়াই করছে বাংলাদেশ যুবারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ যুবাদের সংগ্রহ ২ উইকেট খরচায় ১২১ রান। ইনিংস ব্যবধানে হার এড়াতে আরও ১৫০ রান করতে হবে বাংলাদেশকে। ৬১ রানে শিবলি ও ২৬ রানে উইকেটে আছেন শাহরিয়ার।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ যুবাদের ১৪৯ রানে থামিয়ে চার দিনের ম্যাচে ব্যাটিংয়েও বাংলাদেশকে শক্ত জবাব দেয় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। প্রথম ইনিংসে পাকিস্তান যুবারা স্কোরবোর্ডে জমা করে ৪২০ রান। তাতে ২৭১ রানের বড় লিড পায় সফরকারীরা। জবাবে ম্যাচ বাঁচাতে চট্টগ্রামে ২ রানের মাথায় উইকেট হারায় বাংলাদেশ। এরপর আদিলকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন শিবলি। আদিল ফেরার পর শাহরিয়ারকে সঙ্গে নিয়ে ফিফটি তুলে নেন তিনি।
চট্টগ্রামে প্রথম দিনেই ম্যাচ জয়ের আভাস দিয়ে রেখেছিল পাকিস্তান। দাপুটে বোলিংয়ের পর ব্যাটিংয়েও কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ৭৬ রান যোগ করেছিল সফরকারীরা। দ্বিতীয় দিনেও পুরো দিন ব্যাট হাতে কাটিয়ে দিয়েছে পাকিস্তান। হারিয়েছে ৭ উইকেট। পাকিস্তান যুবাদের মধ্যে ওপেনার শাহজাইব খান ৩২৩ বলে ১৭৪ রানের এক অনবদ্য ইনিংস খেলেছেন। এ ছাড়া বাকিরাও রান পেয়েছেন। পাকিস্তান দ্বিতীয় দিনশেষে ৭ উইকেটে ৩৬৪ রান করে। তৃতীয় দিনে আরও ৫৬ রান যোগ করে মোট ৪২০ রানে থামে পাকিস্তান। তাতে ২৭১ রানের বড় লিড পায় সফরকারীরা।