প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩ ১৮:০৭ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৩ ১৮:২৬ পিএম
দক্ষিণ আফ্রিকাকে ধন্যবাদ দিতে পারেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং গ্রেট ব্রায়ান লারা। ঠিক কী কারণে ‘থ্যাঙ্কস’ জানাবেন ক্যারিবিয়ান কিংবদন্তি? প্রোটিয়াদের সাবেক পেসার ডেল স্টেইন শুনিয়েছেন সেই গল্প। টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে লারার ৪০০ রানে অপরাজিত থাকার ইনিংসটির ১৯ বছর পূর্তিতে স্টেইন জানিয়েছেন, পুরো প্রোটিয়া দলের কারণে এখনও সেই রেকর্ড লারার নামে। তারা উদ্যোগ না নিলে হয়তো টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক হয়ে যেতেন শ্রীলঙ্কান ব্যাটার মাহেলা জয়াবর্ধনে।
আরও পড়ুন : বাংলাদেশ যুবাদের অল্পতে আটকে শক্ত জবাব পাকিস্তানের
ক্রিকেটের ২২ গজে দাপুটে থাকা লারা ২০০৪ সালে অ্যান্টিগা টেস্টে করেন ৪০০ রান। ৪৩ চার ও ৪ ছক্কায় সাজানো সেই ইনিংসের রেকর্ডটি ভেঙে দিতে বসেছিলেন জয়াবর্ধনে। ২০০৬ সালে ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে ৩৭৪ রানের অনবদ্য ইনিংস খেলছিলেন তিনি। তখন জয়ের চিন্তা বাদ দিয়ে সফরকারী দক্ষিণ আফ্রিকা উঠেপড়ে লাগে লারার রেকর্ড বাঁচাতে। সফলও হয় তারা। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের কোচিং স্টাফ হিসেবে কাজ করা লারাকে সেই গল্প শুনিয়ে আরেকবার অভিনন্দন জানিয়েছেন স্টেইন। হায়দরাবাদের ডাগআউটে বসে লারাকে উদ্দেশ করে বলেছেন, ‘আপনাকে স্বাগত। দক্ষিণ আফ্রিকার কারণে আপনার রেকর্ড কিন্তু এখনও অক্ষত।’
হায়দরাবাদের ইউটিউব চ্যানেলে স্মৃতিচারণ করে স্টেইন পরে বলেছেন, ‘মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা তখন একসঙ্গে ব্যাট করছিল। আমি বল করছিলাম। আমার বলে সাঙ্গা একটা কাট শট মারে। পয়েন্টে সেই শটে ক্যাচ ধরতে পারেনি জ্যাক রুডলফ। আমার প্রচণ্ড রাগ হয়। পরের বলটা কাট করতে গিয়ে বল ভেতরের দিকের কানায় লেগে উইকেটে ঢুকে যায়। আউট হয়ে যান সাঙ্গাকারা। কিন্তু আম্পায়ার নো বল দেন। এরপর আর উইকেট নেওয়ার সেভাবে সুযোগ পাইনি।’
গল্পের দৈর্ঘ্য বাড়িয়ে স্টেইন বলেছেন নিজেদের তখনকার পরিকল্পনার কথা, ‘তৃতীয় দিনের চা বিরতি চলছে তখন। রোদে পুড়ে প্রায় আড়াই দিন ফিল্ডিং করছি। আমাদের অধিনায়ক তখন অ্যাশওয়েল প্রিন্স। আমরা এক জায়গায় জড়ো হই। মাহেলা তখন মনে হয় ৩৭০ রানে ব্যাট করছিল। আমাদের আলোচনার বিষয়বস্তু তখন ছিল যেভাবেই হোক মাহেলাকে আউট করতে হবে। এর পেছনের কারণ, মাহেলা যাতে লারার রেকর্ড ভাঙতে না পারে।’
প্রোটিয়ারা ম্যাচটি হেরে গিয়েছিল ইনিংস ও ১৫৩ রানে। দল হারলেও সফরকারীদের আশা পূরণ করেছিলেন আন্দ্রে নেল। ২৫ ওভারে ১১৪ রান দিয়ে ওটাই একমাত্র সাফল্য ছিল নেলের, যা বাঁচিয়ে দিয়েছে লারার কিংবদন্তি রেকর্ড। দুই দশক পর আজও অক্ষত থাকা সেই রেকর্ডটির জন্য দক্ষিণ আফ্রিকাকে নিশ্চয় ধন্যবাদ জানাতে পারেন ব্রায়ান চার্লস লারা!