প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩ ১৭:১৪ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৩ ১৭:৪২ পিএম
চট্টগ্রামে চার দিনের ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ যুবাদের ১৪৯ রানে থামিয়ে কোনো উইকেট না হারিয়েই স্কোরবোর্ডে ৭৬ রান জমা করেছে পাকিস্তান। দ্বিতীয় দিনে ৭৩ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামবে সফরকারীরা। ৭২ বলে ৩৯ ও ৮৫ বলে ৩৬ রানে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন শাহজাইব ও আজান আওয়াইস।
পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। দলীয় ১০ রানেই ফিরতে হয়েছে চার ব্যাটারকে। এর মধ্যে তিনজনই ফিরেছেন কোনো রান না করে। পরে ২১ রানে ৫ উইকেট হারানোর পর জীবনকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন বাংলাদেশ যুবা অধিনায়ক শাহরিয়ার সাকিব। মধ্যাহ্নভোজের আগে আর কোনো আঘাত আসতে দেননি তারা। স্কোরবোর্ডে জমা করেন ৭০ রান।
বিরতি থেকে ফিরেও ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। ঝুঁকি ছাড়াই দলীয় শত রান পূর্ণ করেছিল যুবারা। একটা সময় দারুণ ব্যাট করছিলেন শাহরিয়ার ও জীবন। দেখে মনে হচ্ছিল বাংলাদেশকে বিপদমুক্ত করে স্কোরবোর্ডে শক্ত ভিত গড়ে দিয়ে যাবেন তারা। যদিও শেষ পর্যন্ত হয়নি সেটি। ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে টেনে তুলে হাফ সেঞ্চুরি করার আগেই ব্যক্তিগত ৪৮ রানে ফিরতে হয়েছে শাহরিয়ারকে। ব্যক্তিগত ৯৭ বলে ৪৮ রান করে আমিরের বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন তিনি।
এরপর দ্রুতই উইকেট পড়তে থাকে। খানিক পর ৫৬ রানে ফিরে যান জীবনও। শঙ্কা ঝেঁকেছিল ১৫০ রান পার করা নিয়ে। শেষ পর্যন্ত বাংলাদেশকে দেড়শ পার করতে লড়াই করেছিলেন সিদ্দিক। শেষ পর্যন্ত পারেননি তিনি। সতীর্থ ব্যাটার একান্ত ৬ রানে ফিরলে বাংলাদেশের ইনিংস থামে ১৪৯ রানে। সিদ্দিক অপরাজিত থাকেন ১৮ রানে।