প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩ ০৯:৫৫ এএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৩ ০৯:৫৮ এএম
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এক দিন আগেই বলেছিলেন বিশ্বকাপের জন্য বিবেচনায় আছেন ২৪ ক্রিকেটার। কারা কারা সেই বিবেচনায় আছেন সেটা অবশ্য পরিষ্কার করেননি। ওই পুলে তাইজুল ইসলাম ও নাসুম আহমেদরা আছেন সেটা পরিষ্কার কোচ চন্ডিকা হাথুরুসিংহের কথায়। বিশ্বকাপের ভাবনাতেই এই দুই বাঁহাতি স্পিনারকে দলে রাখা হয়েছে। সেটাও পরিষ্কার করেছেন তিনি।
আরও পড়ুন : পূর্বাচলে অন্য খেলারও জায়গা প্রস্তুত রাখছে বিসিবি
আয়ারল্যান্ড সফরকে সামনে রেখে সিলেটে নিজেদের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। প্রস্তুতি পর্বের শেষ দিনে নাসুমের পরিবর্তে তাইজুলকে কেন দলে রাখা হয়েছে সেই ব্যাখ্যা দেন হাথুরুসিংহে, ‘কারণ যেমন আমরা আলোচনা করেছি, আমি স্কোয়াড বড় করতে চাই। সবাইকে অনেক অভিজ্ঞতা দিতে চাই।’ এই প্রক্রিয়া বিশ্বকাপের আগ পর্যন্ত চলবে বলেও জানান, ‘বিশ্বকাপের আগ পর্যন্ত এভাবেই চলবে।’
দুজনই নিজেদের প্রমাণ করলেও জায়গা অনিশ্চিত। সেক্ষেত্রে অবশ্য কিছুটা নির্ভার মুস্তাফিজুর রহমান। কোচকে নিজের পক্ষে পাচ্ছেন মুস্তাফিজ। আইপিএলে একাদশ থেকে বাদ পড়া মুস্তাফিজের ফর্ম নিয়ে কথা উঠলেও সেইদিকে মনোযোগ দিচ্ছেন না হাথুরুসিংহে। একাদশের বাইরে থাকা মুস্তাফিজের জন্য দলে যোগ দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে চান, ‘ কেউ যখন না খেলে, তখন বলা খুব কঠিন যে, সে ফর্মে আছে বা ফর্মে নেই। সে (সাম্প্রতিক সময়ে) খুব বেশি খেলেনি। এখানে সে যখনই খেলেছে, ভালো করেছে। সে ফেরার পর আমাকে দেখতে হবে কেমন পারফর্ম করে।’
অন্যদিকে দল থেকে বাদ পড়া আফিফ হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে চিন্তাভাবনা একই রেখেছেন কোচ। তাদেরকেও বিশ্বকাপের জন্য বিবেচনায় রেখেছেন বলেও জানান, ‘তাদের ব্যাপারে আমি আগে যা বলেছি সেটিই থাকবে। বিশ্বকাপের আগে তারা সবাই-ই খেলার সুযোগ পাবে। আমরা ওই মাইন্ডসেটে কোনো পরিবর্তন করিনি।’