প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩ ২০:০৬ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৩ ২০:৫৬ পিএম
সময়ের সেরা মিডফিল্ডারদের একজন তিনি। রিয়াল মাদ্রিদের আস্থার নাম লুকা মদ্রিচ। বয়সটা ৩৭ পার হতে চললেও এখনও তার ওপর পূর্ণ আস্থা আছে রিয়ালের। তাকে ঘিরেই চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল ও স্প্যানিশ কাপের ফাইনাল জয়ের ছক কষছিলেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তবে গুরুত্বপূর্ণ দুই ম্যাচের আগে বিপদ বাড়ল রিয়ালের। চোটে ছিটকে পড়েছেন এই ক্রোয়েশিয়ান তারকা। যা নিয়ে বেশ চিন্তিত আনচেলত্তি।
স্প্যানিশ কাপের ফাইনাল আগামী ৬ মে। তার তিনদিন পর ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে মাঠে নামবে রিয়াল। তবে এই দুই ম্যাচে মদ্রিচের থাকা নিয়ে রয়েছে সংশয়। বাম উরুর পেছন দিকটায় চোট পেয়েছেন তিনি। মদ্রিচের চোটে পড়ার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে রিয়াল। তারা জানায়, ‘মদ্রিচের বাম উরুর পিছনে একটি চোট আছে। সে কীভাবে তা কাটিয়ে উঠে তা দেখার অপেক্ষা করছি আমরা। সে স্প্যানিশ কাপের ফাইনালে খেলতে পারবে কি-না এই মুহূর্তে বলতে পারছি না। তবে আশা করি আমরা তাকে বাকি ম্যাচগুলিতে ফিরে পাব, যা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’
জিরোনার বিপক্ষে সবশেষ হারের ম্যাচে চোট পান তিনি। যা সেরে ওঠতে দুই সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হবে তাকে। আগামীকাল (২৯ এপ্রিল) লা লিগায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আলমেরিয়ার মুখোমুখি হবে আনচেলত্তি শিষ্যরা। যেখানে নিশ্চিতভাবেই থাকছেন না মদ্রিচ। এরপর বুধবার রিয়ালের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। সে ম্যাচেও থাকছেন না তিনি। যা নিয়ে বেশ চিন্তিত অনচেলত্তি।
মদ্রিচের চোট নিয়ে আনচেলত্তি বলেন, ‘সত্যি বলতে, জিরোনার বিপক্ষে ছোট একটি চোট পেয়েছে মদ্রিচ। তার কতটা উন্নতি হয়েছে, সেটা জানার অপেক্ষায় আছি। সে কোপার ফাইনালে খেলতে পারবে কিনা তা আমি জানি না। অবশ্যই আমরা এই খবরে আঘাত পেয়েছি। তবে ফুটবলে এটা হতেই পারে।’