প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩ ১৯:০৯ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৩ ১৯:৪৭ পিএম
বিপিএল ফুটবলের শিরোপা একরকম নিশ্চিত করেই ফেলেছে বসুন্ধরা কিংস। আবাহনীর হারে শিরোপার লড়াইয়ে ১০ পয়েন্টে যে এগিয়ে গেছে বসুন্ধরা। নিজেদের ম্যাচ আজ রহমতগঞ্জকে ৪-০ ব্যবধানে হারিয়েছে দলটি। অন্যদিকে টেবিলের মধ্য সারির দল মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের কাছে ১-০ ব্যবধানে হেরেছে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা আবাহনী।
শুক্রবার (২৮ এপ্রিল) মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর ছড়ি ঘুরিয়েছে বসুন্ধরা। ৪ মিনিটে পেনাল্টি পায় দলটি। রবসন রবিনিওর পেনাল্টিটা ঠেকিয়ে দিয়েছিলেন প্রতিপক্ষ গোলরক্ষক, তবে ফিরতি শটটা আর ঠেকানো হয়নি তার। বসুন্ধরা এগিয়ে যায় ১-০ গোলে।
দ্বিতীয় গোলও এসেছে রবসনের হাত ধরেই। তার করা ক্রস আসরোর গফুরভ আলতো টোকায় বল জালে জড়ান। সেই দুই গোলের ব্যবধান নিয়েই বসুন্ধরা এগোচ্ছিল বিরতির দিকে। শেষ মুহূর্তে ফ্রি কিক থেকে গোল করেন মিগেল। তাতেই বিরতির আগে বসুন্ধরার জয় একপ্রকার নিশ্চিত হয়ে যায়।
দ্বিতীয়ার্ধে রহমতগঞ্জ একটু ঝুঁকি নিয়ে আক্রমণে উঠতে চেয়েছে, তবে লাভ তাতে হয়নি তাদের। গোল করতে পারেনি। উল্টো শেষ সময়ে মিগেলের সহজ সেই গোলটায় বসুন্ধরা মাঠ ছাড়ে ৪-০ গোলে।
যোগ করা সময়ে গোল দেখেছে গতকাল বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্য দুই ম্যাচও। তবে বসুন্ধরার ম্যাচের সঙ্গে সে দুই ম্যাচের ফারাকটা হলো, সেই দুই গোলে পয়েন্ট টেবিলে এনেছে বিশাল পরিবর্তন।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শুরু থেকেই গোলের জন্য হাপিত্যেশ করেছে মুক্তিযোদ্ধার গোলমুখের সামনে। শেষ সময়ে স্বাগতিক মুক্তিযোদ্ধার ইম্যানুয়েল উগোচুকউর গোলে হতাশার ষোলকলা পূর্ণ হয় আবাহনীর। এই এক গোল হজম করে ১-০ গোলের হারে বসুন্ধরার সঙ্গে ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ১০-এ।
যোগ করা সময়ে আবাহনীর উল্টো ভাগ্যবরণ করেছে শেখ জামাল। প্রিমিয়ার লিগের তিনবারের চ্যাম্পিয়নরা শেষের ঠিক আগে গোল করেছে, পুলিশ এফসির সঙ্গে নিশ্চিত ড্রয়ের মুখ থেকে ছিনিয়ে এনেছে তিনটি পয়েন্ট।