প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩ ২১:০৪ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৩ ১০:৫৭ এএম
২৯ এপ্রিল তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি সামনে রেখে আজ (২৭ এপ্রিল) শ্রীলঙ্কার প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছেন বাংলাদেশের মেয়েরা। যেখানে ১১৬ রানের অল্প পুঁজিতে ২৭ রানের জয় পেয়েছে বাংলাদেশ। ফাহিমা খাতুনের শিকার ৪ উইকেট।
কলম্বোর পিসারা ওভালে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় লঙ্কানদের প্রেসিডেন্ট একাদশ। বাংলাদেশের শুরুটা হয় নড়বড়ে। ৩০ রান খরচায় ৫ উইকেট খুইয়ে ফেলে জ্যোতির দল। পরে সেখান থেকে সালমা খাতুনকে নিয়ে লড়াই করে দলীয় শত রান পার করেন রিতু মণ্ডল। বাংলাদেশের ইনিংস থামে ১১৬ রানে। এ রান করতে ৩৮.১ ওভার ব্যাট করতে হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেটারদের। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩২ রান আসে সালমার ব্যাট থেকে।
জবাবে লঙ্কানদের শুরুটা ভালো হলেও পরে খেই হারিয়েছে দলটি। ২২ রানে প্রথম উইকেট হারানোর পর ৩০ রানে ৫ উইকেট হারায় লঙ্কানরাও। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। গুটিয়ে যায় ৮৯ রানে। বাংলাদেশ ম্যাচ জেতে ২৭ রানে। বাংলাদেশিদের মধ্যে ফাহিমার ৪ উইকেটের সঙ্গে ২টি করে উইকেট নিয়েছেন দিশা ও নাহিদা।