× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুতোয় ঢিল দিচ্ছে না বসুন্ধরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩ ১২:০২ পিএম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩ ১২:১৭ পিএম

সুতোয় ঢিল দিচ্ছে না বসুন্ধরা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের অবস্থানটা আছে শেষ চার মৌসুমের মতোই। সবার ওপরে, সবাইকে ছাড়িয়ে। লিগের আট ম্যাচ হাতে রেখে তাদের পয়েন্ট ৩৪, নিকটতম প্রতিদ্বন্দ্বী আবাহনী তাদের চেয়ে পিছিয়ে ৭ পয়েন্টে। লিগের দ্বিতীয়ভাগে নিজেদের তৃতীয় ম্যাচে আগামীকাল রহমতগঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে বসুন্ধরা, যাদের বর্তমান অবস্থান অবনমন অঞ্চলের ঠিক ওপরে। তবে প্রতিপক্ষ যেমনই হোক, সুতোয় ঢিল দিতে নারাজ বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। অনুশীলনটা সেরেছে বড় ম্যাচের মেজাজেই।

আরও পড়ুন : ইংলিশ কন্ডিশনের খোঁজে সিলেটে ক্রিকেট ক্যাম্প

শুক্রবার রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচটা মাঠে গড়াবে প্রতিপক্ষের ‘ঘরের মাঠ’ মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। সে ম্যাচের জন্য আজ বিকালে ঢাকা ছাড়বে দল। তার আগে গতকাল বুধবার নিজেদের মাঠে অনুশীলন সেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা, ঢাকা ছাড়ার আগে আজ আরও এক দফা অনুশীলন সারবে দলটি। 

প্রতিপক্ষ যেমনই হোক, অনুশীলন সেশনে তীব্রতার ঝাঁজ ছিল বেশ। গতকাল বিকালে অনুশীলনের শুরু থেকেই কোচ অস্কার ব্রুজন ছিলেন বেশ সরব। ক্ষণে ক্ষণে চিৎকার করে ভুলগুলো শুধরে দিচ্ছিলেন শিষ্যদের; ভালো করলে তারিফও করছিলেন, সেটাও আবার দরাজ গলায়।

গা গরমের পর থেকেই ভারী অনুশীলন শুরু বসুন্ধরার। এক পাশে গোলরক্ষকদের নিয়ে কাজ করছিলেন গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন, মার্টিন সানচেজরা। এপাশে কোচ অস্কারের অধীনে দ্রুতলয়ের পাসিংয়ের অনুশীলন চলছিল দুই ভাগে ভাগ হয়ে। দুই ভাগে আবার দল ছিল তিনটি করে- সাদা, হলুদ আর লাল। ইউরোপের ফুটবলে রন্দোর দেখা মেলে হরহামেশাই, যেখানে গোল হয়ে দাঁড়ান আর মাঝে থাকেন একজন, যিনি বল কেড়ে নেওয়ার চেষ্টায় থাকেন। বসুন্ধরার দ্রুতলয়ের এই পাসিং অনুশীলন তারই একটা ভিন্ন রূপ।

সে অনুশীলন শেষে ম্যাচ মেজাজে অনুশীলনটাও সেরেছে দল। সেটাও দুই ভাগে ভাগ হয়ে, এখানেও ছিল চারজনের তিনটি করে দল। মাঠে খেলছিল দুটো দল, অপেক্ষায় ছিল অন্যটি। দুই দলের কেউ বল মাঠের বাইরে পাঠালে, বা গোল হজম করে বসলেই ছাড়তে হচ্ছিল পিচ। কোচ অস্কার এখানেও ছিলেন সরব, একটু ভুলচুক হলেই চিৎকার করে ঠিক কাজটা চাইছিলেন শিষ্যদের কাছ থেকে।

অনুশীলনের এই চিত্রই বলে দিচ্ছিল, ম্যাচ নিয়ে বসুন্ধরার সিরিয়াসনেসটা। সেটার ছাপ মিলল অনুশীলন শেষে দলের সহ-অধিনায়ক রবসন রবিনহোর কথাতেও। তার অভিমত, লিগের প্রতিদ্বন্দ্বিতাটা বাড়ছে ক্রমেই, সে কারণে কোনো ম্যাচকেই খাটো করে দেখার ফুরসত নেই দলের। তার ভাষ্য, ‘দেখুন বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রতিদ্বন্দ্বিতাটা বাড়ছে ক্রমেই। এটা প্রতিযোগিতার জন্যই বেশ ভালো বিষয়। আমাদের সে কারণে পারফরম্যান্স নিয়ে সজাগ থাকতে হচ্ছে বেশ।’

তবে বসুন্ধরা কিংস অ্যারেনায় মাঠ যেমন, দেশের বাকি সব স্টেডিয়ামের পিচ অবশ্য তেমন নয়। সে কারণে একটু খেদ আছে রবসনের, দলের স্বাভাবিক পাসিং ফুটবলটা যে বাধার মুখে পড়ে যায়! তবে তিনি জানালেন, সেসব ডিঙিয়ে ৩ পয়েন্টের জন্যই মাঠে নামবে দল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা