× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইংলিশ কন্ডিশনের খোঁজে সিলেটে ক্রিকেট ক্যাম্প

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩ ১০:৫৪ এএম

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩ ১০:৫৮ এএম

ইংলিশ কন্ডিশনের খোঁজে সিলেটে ক্রিকেট ক্যাম্প

ঈদের ছুটি শেষে এখনও সরগরম হয়ে ওঠেনি রাজধানী ঢাকা। রাজধানী সরগরম না হলেও ক্রিকেটপাড়ায় ব্যস্ততা চোখে পড়ার মতো। গতকালও ব্যস্ততম একটি দিন পার করেছে দেশের ক্রিকেট। সিলেটে জাতীয় দলের ক্যাম্প শুরুর আগে গতকাল মিরপুরে কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে আলোচনা সেরেছেন তিন নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আবদুর রাজ্জাক।

আরও পড়ুন : তামিম এবার বদলে দিলেন জীবন

বৈঠকের পর গণমাধ্যমকে এড়িয়ে যান তিন নির্বাচকই। তবে সবাইকে অবাক করে কোচ হাথুরুসিংহে কথা বলেছেন। সেখানে স্পষ্ট করেছেন সিলেটে ক্যাম্প করার কারণ। কোচ হাথুরুসিংহের কাছে মনে হয়েছে, সিলেটের উইকেটের সঙ্গে মিল আছে ইংলিশ কন্ডিশনের। সে কারণে বেছে নেওয়া হয়েছে সিলেটকে।

আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ ওয়ানডে সিরিজটি সিলেটে খেলেছিল বাংলাদেশ। সেখানেই আবারও আইরিশদের বিপক্ষে ভালো খেলার প্রস্তুতি নেবে তামিম ইকবাল বাহিনী। এই ক্যাম্পে যোগ দিতে গতকাল রাতে সিলেটে পৌছেছে বাংলাদেশ দল। পুরো দলকে অবশ্য এই ক্যাম্পে পাচ্ছেন না কোচ। লিটন দাস, মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান আছেন ছুটিতে। বাকিরা সবাই অবশ্য ক্যাম্পে থাকবেন। আগামী ২৯ এপ্রিল পর্যন্ত সিলেটে চলবে এই ক্যাম্প।

সিলেটে ক্যাম্প করার কারণ হিসেবে হাথুরুসিংহে বলেন- ‘আমরা যখন সিলেটে খেললাম, মনে হলো ইংল্যান্ডের উইকেটের সঙ্গে এখানের কয়েকটি উইকেটের মিল রয়েছে। আমার মনে হলো সেখানেই অনুশীলন করা উচিত।’ উইকেটের পাশাপাশি আবহাওয়ার বিষয়টিও কাজ করেছে হাথুরুসিংহের মাথায়, ‘এ ছাড়া আবহাওয়ার বিষয়টি তো আছেই। এখানে (ঢাকায়) এখনও অনেক গরম, অনেক ম্যাচও খেলা হয়েছে (মিরপুরে)। যেমন উইকেট চাচ্ছি সেটি এখানে পাব না আসলে।’

সিলেটে ক্যাম্প করার উদ্দেশ্য শুধু আয়ারল্যান্ড সিরিজ বা ইংল্যান্ডের কন্ডিশন নয়; সেটাও পরিষ্কার করেছেন চন্ডিকা হাথুরুসিংহে। যেখানে খেলা হোক না কেন তার চাওয়া শুধু উন্নতি- ‘শুধু ইংল্যান্ডের কন্ডিশন নিয়ে ভাবছি না, আমাদের নিজেদের সবদিকে উন্নতির জন্য (ক্যাম্প করা)। আমরা প্রতিপক্ষ ও ফলাফল নিয়ে চিন্তা করছি না। আমরা উন্নতি খুঁজছি, সেটা যেখানেই খেলি না কেন।’ 

এই উন্নতির জন্যই ক্যাম্পের জায়গা বেছে নেওয়া সিলেটকে; সেটাও পরিষ্কার করেছেন লঙ্কান কোচ- ‘সামনে আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ আছে, বিশেষ করে ঘরের বাইরে বেশি খেলতে হবে। এ কারণে উন্নতি করতে সিলেটকে বেছে নেওয়া, আর কিছু নয়।’

আজ থেকে সিলেটে শুরু হওয়া এই ক্যাম্পে থাকছেন না সাকিব আল হাসান। পরিবারের সঙ্গে সময় কাটাতে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে চলে গেছেন তিনি। সেখান থেকে মে মাসের শুরুতে সরাসরি ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন। তার মতো আইপিএলের জন্য পাওয়া ছুটি শেষে ভারত থেকে সরাসরি ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন লিটন ও মুস্তাফিজ।

আগামী ২৯ এপ্রিল ক্যাম্প শেষে সেদিনই ঢাকায় ফিরবে বাংলাদেশ দল। ৩ মে রাতে ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বে। ইংল্যান্ডের চেমসফোর্ডে ৯, ১২ ও ১৪ মে হবে এই সিরিজ। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ। যদিও ইতোমধ্যে চলতি বছরের শেষদিকে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। তবুও পূর্ণশক্তির দল নিয়ে আইরিশদের মোকাবিলা করবে টাইগাররা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা