প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৩ ২১:৪৯ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৩ ২২:২৭ পিএম
গলফ খেলতে গিয়ে চোটে পড়েছিলেন ইংলিশ উইকেটরক্ষক-ব্যাটার জনি বেয়ারস্টো। দারুণ ছন্দে থাকলেও বিশ্বকাপে খেলা হয়নি তার। আট মাস চোটের সঙ্গে লড়াই করে মাঠে ফিরেছেন বেয়ারস্টো। তার প্রত্যাবর্তনটা হয়েছে ইয়র্কশায়ার দ্বিতীয় একাদশের হয়ে। ফেরার দিনেও ছন্দময় ছিলেন বেয়ারস্টো। ইয়র্কশায়ারের হয়ে ৮৮ বলে খেলেছেন ৯৭ রানের ইনিংস।
ইয়র্কশায়ারের হয়ে দারুণ প্রত্যাবর্তনের মাধ্যমে অ্যাশেজে খেলার আভাস দিয়েও রাখলেন ৩৩ বছর বয়সি এই ক্রিকেটার। আগামী জুনে ইংল্যান্ডের মাটিতে শুরু হবে এবারের অ্যাশেজ লড়াই। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে আবারও মাঠে ফিরতে পারেন বেয়ারস্টো।
২০২২ সালে বেয়ারস্টোর সময়টা কেটেছে দারুণ। ৭৫.৬৬ গড়ে চার সেঞ্চুরিতে ৬৮১ রান আসে তার ব্যাটে। পরে গলফ খেলতে গিয়ে পায়ে চোট পেয়ে যেতে হয় শল্যবিদের ছুরির নিচে। সেখান থেকে সুস্থ হয়ে ক্রিকেটে ফিরেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার।