প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৩ ২২:০৪ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৩ ২২:০৭ পিএম
যেন একেবারেই বার্সায় ফিরেছেন ক্লাবটির সাবেক কিংবদন্তি লিওনেল মেসি। দেখে অন্তত সেটিই মনে হয়েছে। নয়তো বেড়াতে এলে কেউ ১৫টি স্যুটকেস সঙ্গে আনে? খবর আছে আরও, কদিন আগেই নাকি বার্সার পুরোনো স্কুলে সন্তানদের জন্য সিট বরাদ্দ রাখতে বলেছেন মেসি। আর্জেন্টাইন মহাতারকাকে নিয়ে এসব খবর অবশ্য গেল কদিন ধরেই। আর এসবের মূলে- চ্যাম্পিয়নস লিগ থেকে পিএসজির বিদায়।
আরও পড়ুন : রুদ্ধশ্বাস জয়ের পর টেন হাগের হুংকার
আসছে জুনে পিএসজিতে মেসির মেয়াদ শেষ হতে চললেও চুক্তি নবায়ন হয়নি। যার জেরে গেল কদিন ধরেই মেসির সম্ভাব্য নতুন গন্তব্য নিয়ে চলছে গুঞ্জন। যেখানে সবার থেকে এগিয়ে মেসির প্রাণের ক্লাব বার্সা।
বার্সাও চাচ্ছে মেসিকে ফেরাতে। জাভির চাওয়াও সেটি। এর মধ্যেই গোপনে বার্সেলোনায় পা রেখেছেন মেসি। যা নিশ্চিত করেছেন স্প্যানিশ সাংবাদিক জেরার্ড রোমেরো। তার মতে, মেসি বার্সেলোনায় গেছেন ১৫টি স্যুটকেস নিয়ে। শনিবার বার্সেলোনার এল প্রাত বিমানবন্দর ছেড়েছেন গোপনে পেছন দরজা দিয়ে। তবে ভক্তদের এড়াতে এটি করলেও তার স্যুটকেসের পরিমাণ ও আকার নিয়ে চলছে নানা গুঞ্জন।
স্প্যানিশ গণমাধ্যমগুলো বলছে, মেসি শনিবার এল প্রাতে পৌঁছেছেন। সঙ্গে তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো আর তিন ছেলেও আছে। একই সঙ্গে ছিলেন মেসির দীর্ঘদিনের সহযোগী পেপে কস্তা। মেসি তার পরিবারকে নিয়ে বিমানবন্দরের প্রধান ফটক দিয়ে না বেরিয়ে পেছন দিয়ে বের হন। এসময় কস্তাকে স্যুটকেসগুলো পাহারা দিতে দেখা গেছে।