প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৩ ১৪:৪৫ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৩ ১৫:৫৬ পিএম
বাংলা নববর্ষের রাতে বাংলাদেশ ফুটবল বড় একটা দুঃসংবাদই পায়। ‘জালিয়াতি ও মিথ্যা তথ্য’ প্রদানসহ আরও দুটি কারণে দুই বছরের নিষেধাজ্ঞা নেমে আসে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের ওপর।
সে বিবৃতি লোকসম্মুখে আসার প্রায় ১৮ ঘণ্টা পর এর প্রতিক্রিয়া এসেছে সাধারণ সম্পাদকের পক্ষ থেকে। তার আইনজীবী আজমালুল হোসেন এই নিষেধাজ্ঞা ত্রুটিপূর্ণ, উদ্দেশ্যপ্রণোদিত ও পক্ষপাতমূলক বলে আখ্যা দিয়েছেন তিনি। সেখানে আরও জানানো হয়েছে, শিগগিরই এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবেন সোহাগ।
আজ (১৫ এপ্রিল) সোহাগের আইনজীবী আজমালুল হোসেনের প্যাডে একটি ‘বিবৃতি’ ক্রীড়াঙ্গনের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ফরোয়ার্ড করেন সোহাগ। বিবৃতিতে তিনি জানান, ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত কোর্ট অব অরবিট্রেশন ফর স্পোর্টসে আপিল করবেন।
তার আইনজীবি আরও জানান, ফিফা আরেকটু কথা বলে ব্যাপারটি মেটাতে পারতো। এমন নিষেধাজ্ঞাকে তিনি উদ্দেশ্যপ্রণোদিত মনে করেন। এছাড়া ফিফা যে অর্থ সংক্রান্ত লেনদেন নিয়ে অভিযোগ করেছে সেটা সংস্থাটিকে আগেই জানানো হয়েছে, চিঠি নেওয়া হয়েছে, দ্রব্যাদির দাম সব কিছু ঠিকঠাক জেনে চিঠি ইস্যু করা হয়েছে।
ফিফার অনুমতি ছাড়া কোনো কিছুই করেননি সোহাগ এমনটাই দাবি করেছেন তার আইনজীবী। সে কারণে এই ফিফার এই নিষেধাজ্ঞার বিরুদ্ধেও আপিল করবেন বলে জানিয়েছেন তিনি।